২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পথ ভুলে ভারতে যাওয়া ‘ভারসাম্যহীন’ যুবক দেশে ফিরল ৩ বছর পর

২০২০ সালে কুড়িগ্রামের ফুলবাড়ী থেকে ওই যুবক নিখোঁজ হয় বলে জানায় তার পরিবার।

পথ ভুলে ভারতে যাওয়া ‘ভারসাম্যহীন’ যুবক দেশে ফিরল ৩ বছর পর

পথ হারিয়ে ভারতে যাওয়া ভারসাম্যহীন যুবককে শুক্রবার লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে বিএসএফ।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2023, 12:25 AM

Updated : 09 Dec 2023, 01:21 AM

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা থেকে তিন বছর আগে ‘পথ হারিয়ে’ ভারতে প্রবেশ করা মানসিক ভারসাম্যহীন মোহাম্মদ নয়ন মিয়াকে খুঁজে পেয়েছেন স্বজনরা।

শুক্রবার দুপুর ২টায় লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ফেরেন ৩৩ বছর বয়সী নয়ন। এ সময় তার সঙ্গে বাবা রহিদুল হক ছিলেন।

বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের ওসি মুর কবির বলেন, নয়ন মিয়া ভারতের পশ্চিমবঙ্গের একটি মানসিক হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরেছেন।

নয়নের পরিবারের খোঁজ পাওয়ার পর ভারতীয় পুলিশ তাকে হস্তান্তর করেছে বলে জানান তিনি ।

ছেলেকে ফিরে পেয়ে আবেগাপ্লুত বাবা রহিদুল হক বলেন, “নয়ন মানসিক ভারসাম্যহীন ছিল। মাঝেমধ্যেই সে বাড়ি থেকে চলে যেত। আবার দুয়েকদিন পর ঠিকই ফিরে আসত। কিন্তু শেষবার ২০২০ সালে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি।

“বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। দীর্ঘদিন পর জানতে পারি, সে ভারতের মুর্শিদাবাদের একটি মানসিক হাসপাতালে রয়েছে।”

এই বাবা বলেন, “পাসপোর্ট ও ভিসা সংগ্রহের পরে ভারতের পুলিশের সহযোগিতায় নয়নকে ফিরে পেয়েছি। ছেলে বর্তমানে সম্পূর্ণ সুস্থ।”

দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশি ইমিগ্রেশন পুলিশের কাছে নয়নকে হস্তান্তর করে।

বুড়িমারী স্থলবন্দরে বিজিবির কোম্পানি কমান্ডার হাফিজুর রহমান ও ভারতের মেখলিগঞ্জ পুলিশের সিএস তালুকদার, আইসি ইমিগ্রেশন চ্যাংরাবান্ধার নেস্ট সি সমীর তামাং এবং বিএসএফের ইনএসপিআর রাজবীর সিং এ সময় উপস্থিতি ছিলেন।