ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১০ নারী
দেশে ফেরত আসা নারীরা নড়াইল, যশোর, চাঁদপুর, ফরিদপুর ও খুলনা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
দালালের কথায় উন্নত জীবনের আশায় অবৈধভাবে ভারতে গিয়ে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে যশোরের বেনাপোল বন্দর দিয়ে দেশে ফিরেছেন ১০ নারী।
শুক্রবার রাতে যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ নারীদের হস্তান্তর করে বলে জানান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি সাইফুর রহমান।
এ সময় বিএসএফ, বিজিবি ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশে ফেরত আসা নারীরা নড়াইল, যশোর, চাঁদপুর, ফরিদপুর ও খুলনা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
ইমিগ্রেশন ওসি সাইফুর রহমান বলেন, ফেরত আসা নারীরা দালালের মাধ্যমে বিভিন্ন সময় দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। কাজের সন্ধানে সে দেশের পুনে শহরে ঘোরাঘুরির সময় পুলিশ তাদেরকে আটক করে।
পরে অবৈধ অনুপ্রবেশ ও বসবাস করার অপরাধে আদালত তাদের দুই থেকে সাড়ে তিন বছর মেয়াদে সাজা দেয়।
পুনে রাজ্যের কেন্দ্রীয় কারাগারে সাজাভোগ শেষে বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ শুক্রবার রাতে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত পাঠায়।
ওসি সাইফুর রহমান আরও বলেন ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বেনাপোল পোর্ট থানায় এদেরকে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি মানবাধিকার সংগঠন তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।
