আধিপত্যের বিরোধ: নরসিংদীতে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে নিহত ১
টেঁটা ঢুকে ফুসফুস ছিদ্র হওয়ায় তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে এক জনের প্রাণ গেছে। আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত দশজন।
রায়পুরা থানার এসআই নাসির উদ্দিন জানান, শনিবার সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ৫৫ বছর বয়সী আজগর আলী ওই এলাকার আশ্রাব আলীর ছেলে ও রায়পুরার শ্রীনগর ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য খালেক হাজীর সমর্থক।
নাসির উদ্দিন জানান, সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে আজগরের মরদেহের সুরতহাল করা হয়। প্রাথমিক সুরতহালে তার শরীরে ছয়টি টেঁটা বিদ্ধ দেখা গেছে।
এ ঘটনায় একই এলাকার মঞ্জুর আলীর ছেলে জামির আলী, তাহার আলীর ছেলে শাহীন আলী, সামসুল হকের ছেলে বাচ্চু মিয়া, আশ্রাব আলীর ছেলে চাঁন মিয়াসহ আরও কয়েকজন আহত হয়েছে বলে জানান স্থানীয়রা। তাদের নরসিংদীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় ৪-৫ মাস আগে গজারিয়াকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য শাহ আলমের লোকজন বর্তমান ইউপি সদস্য খালেকের সমর্থকদের গ্রামছাড়া করে। দীর্ঘদিন গ্রামের বাইরে থাকার পর শনিবার সকালে খালেকের সমর্থকরা আবার গ্রামে ফেরার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় টেঁটার আঘাতে আজগরের মৃত্যু হয়।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খান নূরউদ্দিন মো. জাহাঙ্গীর বলেন, “সকাল সাড়ে ১০টায় হাসপাতালে টেঁটাবিদ্ধ অবস্থায় একজনকে নিয়ে আসা হয়। তার শরীরে একাধিক টেঁটাবিদ্ধ হয়েছে। এর মধ্যে একটি টেঁটা ঢুকে ফুসফুস ছিদ্র হওয়ায় তার মৃত্যু হয়েছে।”
জেলার অতিরিক্ত পুলিশ সুপার রায়পুরা সার্কেল সত্যজিৎ কুমার ঘোষ সাংবাদিকদের জানান, আধিপত্য বিস্তার এবং পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
