সিলেটে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে আটক ১২ নেতাকর্মী
তাদের কাছে থেকে একটি ব্যানার, পাঁচটি ফেস্টুন ও ১৫টি ক্যাপ জব্দ করা হয়েছে।
সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের মিছিলের প্রস্তুতিকালে ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
এ সময় একটি ব্যানার, পাঁচটি ফেস্টুন ও ১৫টি ক্যাপ জব্দ করা হয়েছে।
শুক্রবার সকাল ৭টার দিকে নগরীর জেলরোড ও ধোপাদিঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি খান মোহাম্মদ মাঈনুল জাকির।
আটকরা হলেন- জকিগঞ্জের শামসুল ইসলামের ছেলে শাহেক আহমেদ (৩২), একই উপজেলার ইব্রাহিম আলীর ছেলে সেলিম আহমেদ (৩৭), আবুল কালামের ছেলে মুন্না আহমেদ (২৯), কানাইঘাটের ফরিদ আলীর ছেলে দেলোয়ার হোসেন (৩৫), মেজবাহ উদ্দিনের ছেলে তানিম ইকবাল (১৯), নুরুল হকের ছেলে সালেহ আহমেদ (১৮), দক্ষিণ সুরমার লিমন আহমেদের ছেলে ফাহিম হাসান রবি (১৮), আব্দুল মালিক খানের ছেলে জাকের খান (২৯), কানাইঘাটের নসির আহমেদের ছেলে কিবরিয়া আহমেদ (৩০), দক্ষিণ সুরমার রেহান উল্লাহর ছেলে জুনায়েদ আহমেদ (৩৮), কানাইঘাটের মকবুল আলীর ছেলে আলী আহমদ (৪৫) এবং মমিন উদ্দিনের ছেলে এন এম নাদিম (২০)।
পুলিশ জানায়, আটকরা সবাই আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী। তাদের বিষয়ে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।
ওসি বলেন, শুক্রবার সকালে মিছিলের প্রস্তুতির খবর পেয়ে পুলিশের পাঁচটি দল অভিযান চালায়। এ সময় ১২ জনকে আটক করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
