ধামরাইয়ে অটোরিকশা চালক হত্যায় ২ জনের যাবজ্জীবন
লাশ গুমের দায়ে প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বছর তিনেক আগে ঢাকার ধামরাইয়ে অটোরিকশা চালক সায়েদুর রহমান হত্যা ও লাশ গুমের মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।
মঙ্গলবার এ রায় ঘোষণা করেন ঢাকার তৃতীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শ্যাম সুন্দর রায়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—সদর আলী সোহরাব ও আলমগীর হোসেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বিল্লাল হোসেন বলেন, “যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি দুই আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও ছয় মাস করে কারাভোগ করতে হবে।
“এ ছাড়া লাশ গুমের দায়ে প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।”
দুই ধারার সাজা পর্যায়ক্রমে কার্যকর হবে বলে জানিয়েছেন কৌঁসুলি বিল্লাল।
রায় ঘোষণার আগে দুই আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের ২৮ নভেম্বর সকালে ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের কুশুরা থেকে অচেনা এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ওই ব্যক্তির দুই হাত পেছনে পাটের রশি দিয়ে বাঁধা ছিল। গলায় ও মুখে গামছা প্যাঁচানো ছিল। পেটের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।
এ ঘটনায় ওইদিনই ধামরাই থানার তৎকালীন এসআই আব্দুল জব্বার বাদী হয়ে মামলা করেন।
মামলাটি প্রথমে থানা পুলিশ তদন্ত করে। পরে পিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
তদন্তে গিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে সদর আলী ও আলমগীরের সংশ্লিষ্টতা পায় পিবিআই। ব্যক্তিগত বিরোধের বিষয়টিও উঠে আসে তদন্তে।
পিবিআই জানতে পারে, সদর আলীর স্ত্রী ও জুয়েল নামে এক ব্যক্তির মধ্যে পরকীয়ার সম্পর্ক তৈরি হয়। আলমগীরের সহায়তায় সদর আলীর স্ত্রীকে নিয়ে চলে যান জুয়েল। তারা প্রায় ছয় মাস একসঙ্গে থাকার পর ওই নারী আবার সদর আলীর কাছে ফিরে আসেন। এ ঘটনাকে কেন্দ্র করে সদর আলীর সঙ্গে জুয়েল ও আলমগীরের বিরোধ তৈরি হয়।
তদন্তে উঠে আসে, সদর আলী ও আলমগীর দুজনই সায়েদুর রহমানের স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ার চেষ্টা করেছিলেন। এসব বিষয় নিয়েও তাদের মধ্যে বিরোধ চলছিল। এর কিছুদিন পর সায়েদুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়।
পিবিআইয়ের তদন্তে উঠে আসে, সায়েদুর রহমান ও সদর আলী মানিকগঞ্জের একই এলাকার বাসিন্দা ছিলেন। তারা ধামরাইয়ে পাশাপাশি বাসায় ভাড়া থাকতেন এবং একই গ্যারেজে অটোরিকশা চালাতেন। সায়েদুর নিখোঁজ হওয়ার পর সদর আলী গ্যারেজ মালিকের সঙ্গে তার খোঁজ করেছিলেন। তবে মরদেহ উদ্ধারের পর দাফন সম্পন্ন হলে তিনি হঠাৎ ধামরাই এলাকায় অটোরিকশা চালানো বন্ধ করে আত্মগোপনে চলে যান।
পরে দুই আসামি আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয়।
তদন্ত শেষে পিবিআইয়ের এসআই আনিসুর রহমান ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি সদর আলী ও আলমগীর হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। একই বছরের ৩০ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। মামলার বিচার চলাকালে ট্রাইব্যুনাল ১৪ জনেরর সাক্ষ্যগ্রহণ করে। আসামিদের আত্মপক্ষ শুনানি, মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে মঙ্গলবার রায় দিল ট্রাইব্যুনাল।
