২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের

সদর উপজেলা থেকে যাত্রী নিয়ে মঠের বাজারের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2023, 09:56 PM

Updated : 31 Oct 2023, 10:02 PM

মাদারীপুর সদরে মালবাহী কার্গো ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে বাবা ও ছেলের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন ইজিবাইকের আরও তিন যাত্রী।

সোমবার সন্ধ্যায় মাদারীপুর-শরীয়তপুর মহাসড়কে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মঠের বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে মাদারীপুর সদর মডেল থানার ওসি সালাউদ্দিন আহমেদ জানান।

নিহতরা হলেন- সদর উপজেলা চর খোয়াজপুর এলাকার মহাদেব দেবনাথ (৫০) ও তার ছেলে মিঠুন দেবনাথ (১৫)। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ওসি সালাউদ্দিন বলেন, সন্ধ্যা পৌনে ৭টার দিকে কোটের মোড় থেকে একটি ইজিবাইক যাত্রী নিয়ে মঠের বাজারের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি কার্গো ট্রাকের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকে থাকা মহাদেব ও তার ছেলে মিঠুন মারা যান।

স্থানীয়রা ইজিবাইকের চালকসহ আহত তিন যাত্রীকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করায় বলে তিনি জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ঘটনার পরপর স্থানীয়রা ট্রাকটি জব্দ করে এর চালক শাহাদত হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে বলে জানান ওসি সালাউদ্দিন।