নারায়ণগঞ্জে আরও চার মামলা, আসামি রিজভীসহ বিএনপি-জামায়াতের ১৯১
সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের একাধিক মামলায় বুধবার ১৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
অবরোধে নাশকতার অভিযোগে নারায়ণগঞ্জে নতুন আরও চারটি মামলা করেছে পুলিশ; এতে রুহুল কবির রিজভীসহ বিএনপি-জামায়াতের ১৯১ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
বুধবার সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক আইনে ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, বন্দর ও আড়াইহাজার থানায় এসব মামলা করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পুলিশ জানায়, বিএনপি-জামায়াতের ডাকা দেশব্যাপী অবরোধ কর্মসূচির প্রথম দিন মঙ্গলবার জেলার বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভাঙচুর, সরকারি কাজে বাধা ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে মামলাগুলো করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম এবং আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ বলেন, মামলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া মামলাগুলোতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, মহানগর কমিটির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব আবু আল ইউসুফ খানকে আসামি করা হয়েছে।
সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে, ফতুল্লা মডেল থানায় ৩৪ জন, সিদ্ধিরগঞ্জ থানায় ৬৮ জন, বন্দর থানায় ২৯ জন এবং আড়াইহাজার থানায় ৬০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের সবাই বিএনপি ও জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
তবে মামলাগুলোতে অজ্ঞাত পরিচয় আসামির জায়গায় কোনো সংখ্যা উল্লেখ না করে ‘আরও অনেকে’ রয়েছেন এমনটা বলে হয়েছে।
আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, বুধবার সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের একাধিক মামলায় ১৫ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার বিএনপি-জামায়াতের ডাকা হরতালের পরদিন পুলিশ পাঁচটি এবং এক ছাত্রলীগ কর্মী বাদী হয়ে একটি মামলা করেন। এসব মামলায় বিএনপি ও জামায়াতের ৩৭২ জনকে আসামি করা হয়েছে।
