২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির মিছিলে পুলিশের ‘হানা’, সংঘর্ষে আহত অন্তত ১৫

এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2024, 04:16 PM

Updated : 05 Jan 2024, 04:24 PM

কুমিল্লায় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ বিএনপির অন্তত ১৫ নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন জানান, শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে নগরীর রানীর দিঘির দক্ষিণ কোনে মহিলা কলেজ এলাকার নিমতলীতে এ ঘটনা ঘটে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন বলেন, “ডামি নির্বাচন বর্জন, অসহযোগ আন্দোলনসহ বিভিন্ন দাবিতে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় ‘বিনা উস্কানিতে’ পুলিশ নেতাকর্মীদের ওপর হামলা করে।”

এ ঘটনায় বিএনপির অন্তত ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জসিম দাবি করেছেন। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিমতলী থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিলে বিএনপির নেতাকর্মীরা ইট-পাটকেল ছুড়তে শুরু করে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ এ ঘটনায় পুলিশের তিন সদস্য ও বিএনপির নেতাকর্মীসহ অন্তত ১৫ জন আহত হন।

অতিরিক্ত পুলিশ সুপার কামরান বলেন, “নাশকতার উদ্দেশ্য বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করেন। এ সময় পুলিশ বাধা দিলে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

“পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। যেসব পুলিশ সদস্য আহত হয়েছেন, তারা প্রাথমিক চিকিৎসা শেষে কাজে ফিরেছেন।”

তিনি আরও বলেন, “ঘটনাস্থল থেকে সন্দেহজনক দুজনকে আটক করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”