২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা

রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2024, 03:13 PM

Updated : 24 Apr 2024, 03:13 PM

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাতে উখিয়ার ২ নম্বর ক্যাম্পে এ ঘটনাটি ঘটে বলে জানান উখিয়া থানার ওসি মো. শামীম হোসাইন।

নিহত সৈয়দুল আমিন (৪৫) ওই ক্যাম্পের এ/১১ ব্লকের আশরাফ আলীর ছেলে।

ওসি শামীম হোসাইন বলেন, মঙ্গলবার রাতে ২ নম্বর ক্যাম্পের সৈয়দুল আমিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় একদল দুর্বৃত্ত। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান আমিন।

খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করছে।