২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আগুনে পুড়িয়ে হত্যা: ২৮ বছর পর বাবা-ছেলেসহ তিনজনের যাবজ্জীবন

একই মামলার অন্য একটি ধারায় আসামিদের ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আগুনে পুড়িয়ে হত্যা: ২৮ বছর পর বাবা-ছেলেসহ তিনজনের যাবজ্জীবন

রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয়।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2023, 09:40 PM

Updated : 30 Mar 2023, 09:40 PM

দিনাজপুরের চিরিরবন্দরে এক ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যার দীর্ঘ ২৮ বছর পর বাবা-ছেলেসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

একইসঙ্গে আসামিদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যা অনাদায়ে তাদের আরও ৬ মাস করে সশ্রম কারাবাসে থাকতে হবে।  

বৃহস্পতিবার দিনাজপুর অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক শ্যাম সুন্দর এ রায় ঘোষণা করেন বলে ওই আদালত পুলিশের পরিদর্শক রাজ্জাকুল ইসলাম জানান।

দণ্ডপ্রাপ্তরা হলেন- দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নান্দ্রাই ভোজুপাড়া এলাকার প্রয়াত আফাজ উদ্দিন শাহর ছেলে মোফিল উদ্দিন শাহ, তার ছেলে হামিদুল হক এবং একই এলাকার প্রয়াত আজিমুদ্দিনের ছেলে বাবুল হোসেন।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে হাজির ছিলেন।

একই মামলার অন্য একটি ধারায় তাদের ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও দুমাস করে সশ্রম কারাবাসে থাকতে হবে।

উভয় ধারার সাজা একসঙ্গে কার্যকর হবে বলে জানায় আদালত।

মামলার নথির বরাত দিয়ে আদালত পুলিশের পরিদর্শক আরও জানান, ১৯৯৫ সালের ৫ এপ্রিল পূর্ব শত্রুতার জেরে ওই এলাকায় আব্দুল হকের ঘরের দরজা বাহির থেকে বন্ধ করে আগুন দেন আসামিরা। এতে ঘরে থাকা আব্দুল আগুনে পুড়ে মারা যান। আগুনে তার মেয়ে রশিদা খাতুন গুরুতর আহত হন।

এ ঘটনায় নিহতের ছেলে এন্তাজুল হক বাদী হয়ে চিরিরবন্দর থানায় একটি মামলা দায়ের করেন।