২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ-দুর্নীতি: টঙ্গীর সাবেক ওসি ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা

দুদক সমন্বিত জেলা কার্যালয় গাজীপুরের সহকারী পরিচালক সেলিম মিয়া বাদী হয়ে দুটি মামলাটি করেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2024, 01:07 AM

Updated : 01 Mar 2024, 01:07 AM

ঘুষ-দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে গাজীপুরের টঙ্গী থানার সাবেক ওসি ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক।    

বুধবার দুর্নীতি দমন কমিশন-দুদক সমন্বিত জেলা কার্যালয় গাজীপুরের সহকারী পরিচালক সেলিম মিয়া বাদী হয়ে দুটি মামলাটি করেন।

দুদকের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, একটি মামলায় সাবেক ওসি গাজী রুহুল ইমামের (৫৬) স্ত্রী মিসেস আসমাউল হুসনা উল্কাকে (৪৮) প্রধান আসামি করা হয়েছে। আর রুহুল ইমামকে ২ নম্বর আসামি করা হয়েছে।

মামলায় আসমাউল হুসনা উল্কার বিরুদ্ধে মোট ৫০ লাখ ৩১ হাজার ৮৯৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

অপর মামলায় গাজী রুহুল ইমামের বিরুদ্ধে ১৯ লাখ ৮ হাজার ১৭৫ টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে বলে জানান দুদকের সহকারী কমিশনার।

গাজী রুহুল ইমাম সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পদোন্নতি পাওয়ার পর ঢাকায় কর্মরত আছেন।