২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যতটুকু অপরাধ, ততটুকুই শাস্তি পেতে হবে: প্রধান বিচারপতি

“বিচার বিভাগকে শক্তিশালী রাখতে হবে; বিচার ব্যবস্থা ফেইল করলে গণতন্ত্র ফেইল করবে, আর গণতন্ত্র ফেইল করলে রাষ্ট্র ফেইল করবে।”

যতটুকু অপরাধ, ততটুকুই শাস্তি পেতে হবে: প্রধান বিচারপতি

মুন্সীগঞ্জ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য নির্মিতব্য ‘ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2023, 10:06 PM

Updated : 05 Jul 2023, 11:05 PM

অপরাধ অনুযায়ী শাস্তি নিশ্চিত করা না গেলে দেশে আইনের শাসন বা গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

তিনি বলেন, “যে যতটুকু অপরাধ করবে, তাকে ঠিক ততটুকু শাস্তি পেতে হবে। তা যদি আমরা নিশ্চিত করতে না পারি তাহলে আইনের শাসন, গণতন্ত্র কিছুই প্রতিষ্ঠা করা যাবে না। আসুন সবাই মিলে চেষ্টা করি যেন এই দেশে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা পায়। আর এর ভিত্তি হলো জুডিশিয়ারিকে শক্তিশালী করা।” 

বুধবার বিকালে মুন্সীগঞ্জ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য নির্মিতব্য ‘ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এসব কথা বলেন প্রধান বিচারপতি।

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, “বিচার বিভাগকে শক্তিশালী রাখতে হবে। বিচার ব্যবস্থা ফেইল করলে গণতন্ত্র ফেইল করবে, আর গণতন্ত্র ফেইল করলে রাষ্ট্র ফেইল করবে। এটা আমরা হতে দিতে পারি না।”

বিচারের মান বহাল রেখে মামলা নিষ্পত্তির হার বাড়াতে বিচারকদের উৎসাহ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

প্রধান বিচারপতি বলেন, “অনেক মামলা বছরের পর বছর পেন্ডিং থাকে। এই অবস্থা যদি চলতেই থাকে তাহলে এক সময় বিচারপ্রার্থীরা ভাবতে পারেন, এই দেশে বিচার নেই। এটা হলে তা হবে জুডিশিয়ারির জন্য সবচেয়ে বড় ব্যর্থতা। আমরা এটা হতে দিতে পারি না।”

সেজন্যই মামলা নিষ্পত্তির হার বাড়ানোর প্রচেষ্টা চালানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, “এরই মধ্যে মামলা নিষ্পত্তির হার বেড়েছে। ২০১৯ সালের সঙ্গে ২০২২ সাল তুলনা করলে নিষ্পত্তির হার ৩০ শতাংশ বেশি। এখন যত মামলা হয় তার চেয়ে কিছু বেশি যদি নিষ্পত্তি করা যায় তাহলে আগামী ৫-৭ বছরের মধ্যে পরিস্থিতি অনেকটাই সহনশীল অবস্থায় আসবে।”

বাংলাদেশ যেমন ধীরে ধীরে অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে বিচার ব্যবস্থাকেও এগিয়ে নিয়ে যাওয়ার ওপর জোর দেন প্রধান বিচারপতি।

এ সময় ন্যায়কুঞ্জ সম্পর্কে কথা বলেন প্রধান বিচারপতি।

দেশের প্রতি জেলায় বিচারপ্রার্থীদের বসার জন্য ব্যবস্থা করতে স্থাপন করা হচ্ছে ন্যায়কুঞ্জ। প্রতিটি ন্যায়কুঞ্জে দুটি টয়লেট থাকবে, একটি নারীদের এবং অন্যটি পুরুষদের জন্য। একটি খাবারের ছোট দোকান থাকবে যেটির আয় দিয়ে ন্যায়কুঞ্জের পরিচ্ছন্নতা নিশ্চিত করা হবে। গণপূর্ত বিভাগ এসব ন্যায়কুঞ্জ নির্মাণ করছে।

পরে বিকালে জজ আদালত প্রাঙ্গণে মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির ১৭৮ বছর পূর্তি অনুষ্ঠানে কেক কাটেন এবং প্রধান অতিথির ভাষণ দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বানী, মুন্সীগঞ্জের জেলা ও দায়রা জজ কাজী আব্দুল হান্নান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুন।

জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. জাকারিয়া মোল্লার সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আর্শেদ উদ্দিন চৌধুরী ও মজিবুর রহমান, পিপি আব্দুল মতিন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাসুদ আলম।

অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাবেক সহসভাপতি মুজিবুর রহমান শেখ।