০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানে ৫শ’র বেশি মেয়ে নিখোঁজের মামলা ঝুলছে, পুলিশকে আদালতের ভর্ৎসনা

লাহোর হাইকোর্টে ফয়সালাবাদের বাসিন্দা সাদিয়া হুসাইনের দায়ের করা এক রিট আবেদনের শুনানিতে পাঞ্জাব প্রদেশে এতগুলো মামলা ঝুলে থাকার এই তথ্য সামনে আসে।

পাকিস্তানে ৫শ’র বেশি মেয়ে নিখোঁজের মামলা ঝুলছে, পুলিশকে আদালতের ভর্ৎসনা

প্রতীকী ছবি। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Oct 2026, 09:12 PM

Updated : 09 Oct 2026, 09:12 PM

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বর্তমানে ৫০০টিরও বেশি মেয়ে নিখোঁজ হওয়ার মামলা অমীমাংসিত অবস্থায় ঝুলে রয়েছে বলে লাহোর হাইকোর্টকে জানিয়েছেন প্রাদেশিক পুলিশ প্রধান (আইজিপি) রাও আব্দুল করিম।

ফয়সালাবাদের বাসিন্দা সাদিয়া হুসাইনের দায়ের করা এক রিট আবেদনের শুনানিতে গত বুধবার হাইকোর্টে এই তথ্য সামনে আসে।

নিজের নিখোঁজ মেয়েকে উদ্ধারের দাবিতে আদালতে মামলা করেছিলেন ওই নারী। শুনানিকালে আইজিপি নিশ্চিত করেন, আবেদনকারীর মেয়েকে ইতোমধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে।

শুনানিকালে লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি আলিয়া নিলম নারী ও শিশু সম্পর্কিত মামলা সামলাতে পুলিশের সুনির্দিষ্ট কোনও কার্যকর ব্যবস্থা আছে কি না, তা জানতে চান। জবাবে আইজিপি জানান, এ ধরনের ঘটনা মোকাবেলায় বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

তবে প্রধান বিচারপতি ক্ষোভ প্রকাশ করে পর্যবেক্ষণ দেন, আদালত নজর দিলেই কেবল পুলিশ সক্রিয় হয়ে ওঠে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, দুই বছর ধরে নিখোঁজ থাকা এক মেয়েকে কেবল আদালতের হস্তক্ষেপের পরই পুলিশ উদ্ধার করতে পেরেছে।

সন্তান নিখোঁজ হলে অভিভাবক ও পরিবারকে কী ধরনের ট্রমা ও দুর্ভোগের মধ্য দিয়ে যেতে হয়, তা পুলিশ কখনও ভেবে দেখেছে কি না, এমন প্রশ্ন তুলে নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় পুলিশের অবহেলা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি।

শুনানি শেষে নিখোঁজ মেয়েদের উদ্ধারে পুলিশ কী কী পদক্ষেপ নিচ্ছে এবং এর অগ্রগতি কতদূর, তা জানিয়ে বিস্তারিত প্রতিবেদন আদালতে জমা দিতে আইজিপি-কে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি আলিয়া নিলম।