মুন্সীগঞ্জে ‘আওয়ামী লীগের’ দুপক্ষের সংঘর্ষে গোলাগুলি, ভাঙচুর
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়।”
মুন্সীগঞ্জ সদর উপজেলায় ‘আওয়ামী লীগের’ দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ববিরোধের জেরে সংঘর্ষের সময় গোলাগুলি, হাতবোমা বিস্ফোরণ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পাঁচজন আহত এবং কয়েকটি বাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন হোসেন পাটোয়ারী এবং সাবেক চেয়ারম্যান মোহসিনা হক কল্পনার অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইউনিয়নের ঢালীকান্দি, মুন্সীকান্দি ও উত্তর বেহেরকান্দি এলাকায় উত্তেজনা ছড়ায়।
মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খায়রুল হাসান বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।”
স্থানীয়রা জানান, দুই পক্ষই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের মধ্যে আগে থেকেই বিরোধ চলছে। মঙ্গলবার ইউপি চেয়ারম্যান রিপন হোসেন পাটোয়ারীর সমর্থক বাহাদুর মিয়া ও ইউপি সদস্য ডলি বেগমরা একদিকে ছিলেন।
অপরপক্ষে ছিলেন সাবেক চেয়ারম্যান মোহসিনা হক কল্পনার সমর্থক বাবু কাজী, সেলিম দেওয়ান, শওকত ও ইউপি সদস্য সোমার লোকজন।
দুপুরে ঢালীকান্দি গ্রামের বাবু কাজী এবং বেহেরকান্দি গ্রামের সেলিম দেওয়ানের নেতৃত্বে হামলার সূচনা হয়। পরে উভয় পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়ায়।
এ সময় সিফাত (২০) নামে এক যুবক গুলিবিদ্ধ এবং হাতবোমার বিস্ফোরণে আম্বিয়া খাতুন (৬০) গুরুতর আহত হন। তাদের প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ব্যাপারে চেষ্টা করেও মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন হোসেন পাটোয়ারী এবং সাবেক চেয়ারম্যান মোহসিনা হক কল্পনার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
