ফরিদপুরে নির্মাণ শ্রমিকের চোখ উপড়ানো লাশ উদ্ধার
নির্মাণ শ্রমিক মিজান বুধবার বিকালে বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফেরেননি।
ফরিদপুরের বোয়ালমারীতে নিখোঁজ থাকা এক নির্মাণ শ্রমিকের চোখ উপড়ানো লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রূপাপাত বামনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের পেছনে নিমাই কুলুর মেহগনি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব।
নিহত মিজান শেখ রূপাপাত ইউনিয়নের রূপাপাত গ্রামের আহমেদ শেখের ছেলে। ২৫ বছর বয়সী মিজান দুই বিয়ে করেছিলেন। তবে দুই স্ত্রীর সঙ্গেই তার বিচ্ছেদের ঘটনা ঘটে, কোনো সন্তানাদিও ছিল না।
রূপাপাত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কলেজ শিক্ষক মিজানুর রহমান জানান, নির্মাণ শ্রমিক মিজান বুধবার বিকালে বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফেরেননি। তারপর থেকে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ কোথাও তাকে খুঁজে পাচ্ছিল না।
এক পর্যায়ে বৃহস্পতিবার রাতে মেহগনি বাগানে মিজানের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
বোয়ালমারী থানার ডহরনগর তদন্ত কেন্দ্রের এসআই কবির আহমেদ বলেন, মরদেহটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার ডান চোখ উপড়ানো পাওয়া গেছে।
বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব জানান, নিহতের স্বজনদের মাধ্যমে জানতে পেরেছি বুধবার বিকাল থেকে মিজান নিখোঁজ ছিলেন। তবে বিষয়টি নিয়ে কেউ থানায় লিখিত বা মৌখিকভাবে কিছুই জানায়নি।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।
