নেত্রকোণায় গোরস্থানের পাশে গাছে বাঁধা ছিল সাবেক সেনা সদস্যর লাশ
কাজলের ভাগ্নি জামাতা বলেন, বুধবার দুপুর থেকে কাজল মিয়া নিখোঁজ ছিলেন। এ নিয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়।
নেত্রকোণার মোহনগঞ্জে নিখোঁজের দুদিন পর গাছের ডালে রশি দিয়ে বাঁধা অবস্থায় সাবেক এক সেনা সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার বিরামপুর উত্তরপাড়ায় গোরস্তান এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুর ইসলাম হারুন।
লাশ উদ্ধার হওয়া কাজল মিয়া (৫৫) পাশ্ববর্তী সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের কাটিয়াম গ্রামের জবান আলীর ছেলে। তিনি ধর্মপাশার একটি সৌরবিদ্যুত প্লান্টের ব্যবস্থাপক হিসাবে কর্মরত ছিলেন।
কাজলের ভাগ্নি জামাতা রনি মিয়া বলেন, বুধবার বেলা আড়াইটা থেকে কাজল মিয়া নিখোঁজ ছিলেন। এ নিয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়।
তিনি অভিযোগ করেন, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে কাজলকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ গাছের ডালে বেঁধে রাখে।
সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি।
মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুর ইসলাম হারুন বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্যে লাশ নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।
