হবিগঞ্জে কভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত
নিহত দুজন সম্পর্কে চাচাতো ভাই বলে জানা গেছে।
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ভূইয়া।
নিহতরা হলেন, উপজেলার বেজুড়া গ্রামের আফতাব হোসেনের ছেলে সোহাগ মিয়া (১৭) ও একই গ্রামের ইমাম হোসেনের ছেলে শুভ মিয়া (১৮)। সম্পর্কে তারা দুজন চাচাতো ভাই বলে জানা গেছে।
ওসি মাইনুল জানান, সিলেট থেকে ঢাকাগামী একটি কভার্ডভ্যান মুক্তিযোদ্ধা চত্বরে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সোহাগ ও শুভ গুরুতর আহত হয়।
তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানান ওসি মাইনুল।
