২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের ওপর হামলার অভিযোগে কুমিল্লায় বিএনপির ৩৩০ নেতাকর্মীর নামে মামলা

আসামিদের মধ্যে আছেন কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপু।

কুমিল্লা প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2023, 11:58 PM

Updated : 30 Oct 2023, 11:58 PM

পুলিশের ওপর হামলার অভিযোগে কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক-সদস্যসচিবসহ ৩৩০ নেতাকর্মীর নামে মামলা হয়েছে।

সোমবার কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে বলে ওই থানার ওসি আহমেদ সনজুর মোর্শেদ জানান।

কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপুসহ ৩০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারনামীয় আসামিদের মধ্যে আরও আছেন- মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলী আক্কাস, আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার।

ওসি আহমেদ সনজুর মোর্শেদের দাবি, গত রোববার হরতাল সমর্থকরা হাত বোমার বিস্ফোরণ ঘটায়। এছাড়া তারা পুলিশের ওপরও হামলা চালায়।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বলেন, নগরীর চকবাজার এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়ার ঘটনায় এক পুলিশ সদস্য আহত হন। এ সময় ছয়টি হাত বোমা ও নয়টি পেট্রল বোমা উদ্ধার করা হয়।

এ প্রসঙ্গে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার বলেন, “ওইদিন সকালে হরতালের সমর্থনে আমাদের শান্তিপূর্ণ মিছিলটি নগরীর চকবাজার যাওয়া মাত্র পুলিশ অতর্কিত লাঠিপেটা, কাঁদুনে গ্যাস নিক্ষেপ ও ফাঁকা গুলি ছুড়ে। এতে আমাদের ২০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় কয়েকজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। এখন তারা উল্টো আমাদের নামেই মামলা দায়ের করেছে।”