কুষ্টিয়ায় ‘শিশুদের মারামারির জেরে’ কুপিয়ে হত্যা, ভাই-ভাবি আটক
পুলিশ জানায়, সাইফুলের শিশুসন্তানের সঙ্গে চাচাতো ভাইয়ের এক শিশু খেলাধুলা করছিল।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় শিশুদের মারামারিকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার গরুড়া মিস্ত্রীপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান।
নিহত সাইফুল ইসলাম (৩৫) দৌলতপুরের গরুড়া মিস্ত্রীপাড়ায় শামসুল হকের ছেলে।
আটকরা হলেন- একই এলাকার নিহতের চাচাতো ভাই মহিবুল (৫০) এবং তার স্ত্রী কনা খাতুন (৪২)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি মজিবুর রহমান বলেন, “সাইফুলের বাচ্চার সঙ্গে তার চাচাতো ভাই মহিবুলের বাচ্চা খেলাধুলা করছিল। এক পর্যায়ে শিশু দুটির মধ্যে মারামারি বেঁধে যায়। এর জেরে সাইফুলের সঙ্গে চাচাতো ভাই মহিবুলের কথা কাটাকাটি হয়।
“একপর্যায়ে কনা খাতুন একটি বটি এনে স্বামী মহিবুলের হাতে ধরিয়ে দেন। ক্ষুব্ধ মহিবুল চাচাতো ভাই সাইফুলের ঘাড়ে ওই বটি দিয়ে আঘাত করেন। পরে পরিবারের লোকজন গুরুতর আহত সাইফুলকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
ওসি আরও বলেন, “হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মহিবুল ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।”
ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
