জামালপুরে ‘ডাকাত দলের হোতা’ গ্রেপ্তারের পর কারাগারে
পুলিশ সুপার জানান, গ্রেপ্তার ডাকাতের বিরুদ্ধে ডাকাতি ও হত্যার একাধিক মামলা আছে।
জামালপুরে ডাকাত দলের এক হোতাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার বিকালে জেলার দেওয়ানগঞ্জ ও ফুলছড়ির সীমান্ত এলাকার সবুজপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান।
গ্রেপ্তার আব্দুস সাত্তার (৬২) ইসলামপুর উপজেলার জিগাতলা গ্রামের বাসিন্দা।
পুলিশ সুপার কামরুজ্জামান শুক্রবার সন্ধ্যায় তার সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বলেন, “সাত্তার ডাকাতের গ্রেপ্তারের খবরে ইসলামপুরের চরাঞ্চলে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে।”
পুলিশ সুপার আরও জানান, সাত্তারের বিরুদ্ধে ২০১৭ সালের ৭ ফেব্রুয়ারি রাতে ইসালামপুর উপজেলার চরবরুল গ্রামে একটি মুদি দোকানে ঢুকে ছমেদ আলী নামে এক ইউপি সদস্যকে গুলি করে হত্যার অভিযোগ আছে।
এ ছাড়া তার বিরুদ্ধে ইসলামপুর থানায় ডাকাতি ও হত্যাসহ সাতটি, বকশীগঞ্জ এবং ফুলছড়ি থানায়ও একাধিক মামলা রয়েছে।
