১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ময়মনসিংহে ‘জুলাই শহীদ সাগর চত্বরে’ আগুন: দুই কিশোরসহ গ্রেপ্তার ৩

স্মৃতিস্তম্ভে টায়ার রেখে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ময়মনসিংহে ‘জুলাই শহীদ সাগর চত্বরে’ আগুন: দুই কিশোরসহ গ্রেপ্তার ৩

ময়মনসিংহ নগরে ‘শহীদ রেদোয়ান হোসেন সাগর স্মৃতিস্তম্ভ’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 04:18 PM

Updated : 10 Nov 2026, 04:18 PM

ময়মনসিংহ নগরে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ রেদোয়ান হোসেন সাগরের স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে; যাদের মধ্যে দুইজন কিশোর বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার ৩০ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল-মামুন।

রোববার রাত দেড়টার দিকে নগরের সারদা ঘোষ রোড এলাকায় অবস্থিত জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ রেদোয়ান হোসেন সাগরের স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলেন- নগরের আকুয়া মোড়লবাড়ী এলাকার মাহমুদুর রহমান উজ্জ্বলের ছেলে হাসিবুর রহমান পিয়াস (২১), নগরের ৩৬ বাড়িকলোনী এলাকার ১৬ বছরের এক কিশোর এবং আকুয়া হাবুন ব্যাপারী মোড় এলাকার ১৭ বছরের এক কিশোর।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে একদল দুর্বৃত্ত স্মৃতিস্তম্ভে টায়ার রেখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা বিভিন্ন স্লোগানও দেয়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, হামলাকারীদের মুখে মাস্ক ও মাথায় সাদা ক্যাপ ছিল।

ঘটনার পর ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান শাকিল ও কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলামের নির্দেশে তদন্ত শুরু করে পুলিশ।

তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও স্থানীয়ভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সোমবার ভোর ৪টা থেকে শহীদ সাগর চত্বরে আমরণ অনশনে বসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পরে বিকালে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের আশ্বাসে তারা অনশন প্রত্যাহার করেন। সেই সময় পুলিশ সুপার ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছিলেন।

পুরনো খবর:

ময়মনসিংহে ‘জুলাই শহীদ সাগর চত্বরে আগুন’: এসপির আশ্বাসে অনশন প্রত্যাহার
ময়মনসিংহে ‘জুলাই শহীদ সাগর চত্বরে’ অগ্নিসংযোগ, প্রতিবাদে আমরণ অনশন