মেহেরপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, ধাওয়া দিয়ে আটক ২
কলেজের বাউন্ডারি ওয়ালের ভেতর থেকে পেট্রোল ভর্তি বোতলে কাপড় পেঁচিয়ে আগুন দিয়ে স্মৃতিস্তম্ভ লক্ষ্য করে ছুড়ে মারা হয়।
মেহেরপুর শহরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রোল নিক্ষেপ করে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীদের ধাওয়া দিয়ে দুজনকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে মেহেরপুর সরকারি কলেজ মোড়ে এ ঘটনায় ঘটে বলে জানিয়েছেন মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান।
আটকরা হলেন- শহরের গোরস্থানপাড়ার মিয়ারুল ইসলামের ছেলে ইব্রাহিম ইসলাম আকাশ (২৪), এবং শিশু বাগানপাড়া এলাকার বাবু বিশ্বাসের ছেলে আলী কদর শাওন (১৯)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন যুবক সরকারি কলেজের বাউন্ডারি ওয়ালের ভেতর থেকে পেট্রোল ভর্তি বোতলে কাপড় পেঁচিয়ে আগুন দিয়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ লক্ষ্য করে ছুড়ে মারেন। তবে আগুন স্মৃতিস্তম্ভের কাছে গিয়ে পড়ে।
আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আগেই তাৎক্ষণিক সেখানে থাকা সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশের দুইজন সদস্য তাদের ধাওয়া করে দুইজনকে আটক করেন। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
