০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ময়মনসিংহে ‘জুলাই শহীদ সাগর চত্বরে আগুন’: এসপির আশ্বাসে অনশন প্রত্যাহার

আগুনের ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 06:13 PM

Updated : 09 Nov 2026, 06:13 PM

ময়মনসিংহ নগরে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ রেদোয়ান হোসেন সাগরের স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শুরু করা আমরণ অনশন প্রত্যাহার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসানের আশ্বাসে সোমবার বেলা সাড়ে ৩টার দিকে কর্মসূচি প্রত্যাহার করেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সাবেক সদস্যসচিব আলী হোসেন বলেন, আগুনের ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। তবে নির্ধারিত সময়ের মধ্যে গ্রেপ্তার সম্ভব না হলে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে আবারও অনশনে বসবেন তারা।

রোববার রাত দেড়টার দিকে নগরের সারদা ঘোষ রোড এলাকায় অবস্থিত জুলাই অভ্যুত্থানের শহীদ রেদোয়ান হোসেন সাগরের স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সকাল থেকে শহীদ সাগর চত্বরে আমরণ অনশন শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

অনশনকারীদের অভিযোগ, শহীদদের স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা কেবল একটি স্থাপনায় হামলা নয়, এটি জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী নেতাকর্মীদের নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিয়ে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ভিডিও বিশ্লেষণ করে জড়িতদের তৎপরতা দেখা গেছে। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চব্বিশের ১৯ জুলাই সন্ধ্যা ৭টার দিকে নগরের মিন্টু কলেজ এলাকায় সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হন রেদোয়ান হোসেন সাগর। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সাগরের স্মৃতি সংরক্ষণে আন্দোলনকারীরা ওই স্থানকে ‘সাগর চত্বর’ হিসেবে ঘোষণা করেন। পরে সেখানে স্থাপন করা হয় তার ছবি সংবলিত একটি স্টিলের স্মৃতিফলক।

পুরনো খবর:

ময়মনসিংহে ‘জুলাই শহীদ সাগর চত্বরে’ অগ্নিসংযোগ, প্রতিবাদে আমরণ অনশন