‘অপরিকল্পিত ব্রিজে নদী হত্যা করতে দেওয়া হবে না’
‘নদীর জায়গা নদীকে ফেরত দিতে হবে’ মন্তব্য করে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, অবৈধ দখলদারদের কবল থেকে নদী বাঁচাতে সরকার কাজ করছে।
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, “অপরিকল্পিত ব্রিজ নির্মাণ করে নদী হত্যা করতে দেওয়া হবে না। নদীর জায়গা নদীকে ফেরত দিতে হবে। অবৈধ দখলদারদের কবল থেকে নদী বাঁচাতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।”
বুধবার সকালে যশোরের অভয়নগরে নওয়াপাড়া নদী বন্দরের টার্মিনাল ভবনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিআইডব্লিউটিএ’র আয়োজনে নওয়াপাড়া নদী বন্দর রক্ষা ও দখলমুক্ত বিষয়ক এ মতবিনিময় সভা হয়।
এতে প্রতিমন্ত্রী আরও বলেন, নওয়াপাড়া নদীবন্দরের উন্নয়নে সাড়ে ৩০০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। এখানে ২০ একর জমি অধিগ্রহণ করে পণ্য লোড-আনলোডের জন্য দুটি জেটি নির্মাণ করা হবে।
“খুলনায় একটি ড্রেজার বেজ তৈরি করা হয়েছে, যেটি উদ্বোধনের অপেক্ষায় আছে। এ অঞ্চলের নদী রক্ষায় সার্বক্ষণিক ১০/১২টি ড্রেজার কাজ করবে।”
অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল সভাটি সঞ্চালনা করেন।
এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান গোলাম সাদিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন, নওয়াপাড়া সার সিমেন্ট ও খাদ্য শষ্য ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গণি সরদার।
