২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি-জামায়াত ট্রেন-বাস পুড়িয়ে ক্ষমতায় যেতে চায়: মেনন

কোনো পরাশক্তি নির্বাচন বানচাল করতে পারবে না বলে মন্তব্য করেছেন বরিশাল-২ আসনে নৌকার প্রার্থী।

বিএনপি-জামায়াত ট্রেন-বাস পুড়িয়ে ক্ষমতায় যেতে চায়: মেনন

বরিশালের উজিরপুরে আওয়ামী লীগ আয়োজিত বিজয় শোভাযাত্রা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2023, 10:59 PM

Updated : 19 Dec 2023, 10:59 PM

বিএনপি-জামায়াত ট্রেন ও বাস পুড়িয়ে ক্ষমতায় যেতে চায়। ২০১৪ সালে চেষ্টা করে তারা ব্যর্থ হয়েছে। এবারও ব্যর্থ হবে।

মঙ্গলবার বরিশালের উজিরপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিজয় শোভাযাত্রায় অংশ নিয়ে বরিশাল-২ আসনে নৌকার প্রার্থী রাশেদ খান মেনন এসব কথা বলেন।

বিকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বিজয় মিছিল শুরু হয়। মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে সভায় মিলিত হয়।

সভায় ১৪ দলীয় জোটের প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন বলেছেন, “কোনো পরাশক্তি নির্বাচন বানচাল করতে পারবে না। দেশের জনগণ ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করবে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে দলের সকলকে এক হয়ে কাজ করতে হবে।

“সারা দেশে নৌকাকে জয়ী করতে হবে। শেখ হাসিনা একটি আধুনিক বাংলাদেশ উপহার দেবেন। ২০২৬ সালের মধ্যে দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।”

বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে তারা বিরোধিতা করেছে। কিন্তু আমরা পাশে ছিলাম। এ কেন্দ্রে হাজার যুবকের কর্মসংস্থান হয়েছে। যার সুফল পাচ্ছে জনগণ।”

উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেনের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, জেলা পরিষদ সদস্য অশোক হালদার, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ফাইজুল হক বালী ফারাহীন এবং সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: