২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ট্রলারে ১০ মরদেহ: একাধিক দাবিদার, হবে ডিএনএ পরীক্ষা

সাধারণ সাগরে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলোতে নাম লিখা থাকে; কিন্তু উদ্ধার হওয়া ট্রলারটির কোনো নাম ছিল না- এ নিয়ে প্রশ্ন উঠেছে।

কক্সবাজারে ট্রলারে ১০ মরদেহ: একাধিক দাবিদার, হবে ডিএনএ পরীক্ষা

সোমবার দুপুরে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গ পরিদর্শন করেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2023, 05:02 PM

Updated : 24 Apr 2023, 05:02 PM

কক্সবাজারের উপকূলবর্তী বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক পয়েন্টে মাছ ধরার ট্রলারে যে ১০ জনের মরদেহ পাওয়া গেছে তাদের মধ্যে কয়েকজনের পরিচয় প্রাথমিকভাবে শনাক্ত করেছেন স্বজনরা। দুই-তিনটি মরদেহের একাধিক দাবিদার রয়েছে। দুটি মরদেহের দাবি নিয়ে আসেনি কোনো স্বজন।   

পুলিশ বলছে, সবগুলো মরদেহের ডিএনএ পরীক্ষার নমুনা সংরক্ষণ করার জন্য কাজ করছে সিআইডি ক্রাইম সিন ইউনিট।

রোববার বিকাল থেকে কক্সবাজার সদর হাসপাতালের মর্গের সামনে আসা স্বজনদের মরদেহ পাওয়ার জন্য ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে অপেক্ষা দীর্ঘতর হচ্ছে।     

মরদেহগুলো উদ্ধারের পর পুলিশ জানিয়েছে, ১২ থেকে ১৫ দিন আগে হয়তো তাদের হত্যা করা হয়েছে। মরদেহগুলো অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে মাছ ধরার ট্রলারের কোল্ড স্টোরেজের মধ্যে তালাবদ্ধ অবস্থায়। 

কিন্তু কীভাবে তারা হত্যাকাণ্ডের শিকার হলেন- এ ব্যাপারে স্পষ্ট করে আইনশৃঙ্খলা বাহিনী কোনো কিছু বলছে না। ঘটনার পর সিআইডি, পিবিআইয়ের পাশাপাশি জেলা পুলিশের সদস্যরাও তদন্ত শুরু করেছেন। দুপুরে মরদেহগুলোর তদন্ত শুরু হয়েছে বলে হাসপাতালে সূত্রে জানা গেছে।

সোমবার দুপুরে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গ পরিদর্শন করেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন। এ সময় তিনি সেখানে উপস্থিত স্বজনদের সঙ্গেও কথা বলেন। এ সময় সেখানে সিআইডির চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানও উপস্থিত ছিলেন।  

পুরনো খবর:

কক্সবাজারে ট্রলারে ১০ লাশ: যা যা জানা যাচ্ছে
কক্সবাজারে মাছ ধরার ট্রলার থেকে হাত-পা বাঁধা ১০ মরদেহ উদ্ধার

পরে ডিআইজি আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, “কক্সবাজারের সাগরে ট্রলার থেকে উদ্ধার হওয়া ১০ মরদেহের মধ্যে চারজনকে তাদের আত্মীয়-স্বজনরা শনাক্ত করতে পেরেছেন। লাশগুলো অর্ধগলিত ও বিকৃত হয়ে গেছে। বাকিগুলো এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি। এগুলো শনাক্তের চেষ্টা চলছে।“

“পরিচয় শনাক্ত না হওয়া মরদেহগুলোর ডিএনএ নমুনা সংগ্রহ রাখা হবে। সেই নমুনাগুলো তাদের আত্মীয়-স্বজনদের সঙ্গে মিলিয়ে পরিচয় শনাক্তের ব্যবস্থা নেওয়া হবে।”

তবে পরে সিআইডির চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেন, “স্বজনরা ছয়জনকে শনাক্ত করার কথা বলেছেন। আমরা জেলা পুলিশ, পিবিআই, সিআইডি বসে সিদ্ধান্ত নেবে। তারপর এই মরদেহগুলোর অন্য কোনো দাবিদার না থাকলে তাদের হস্তান্তর করা হবে।”

প্রাথমিকভাবে স্বজনদের দেওয়া তথ্য মতে পরিচয় শনাক্তরা হল- মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের হরিয়ারছড়া এলাকার ছনখোলা পাড়ার মৃত রফিক উদ্দিনের ছেলে শামশুল আলম ওরফে শামশু মাঝি (৪০), শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম (১৮), একই এলাকার সাহাব মিয়ার ছেলে মো. সাইফুল্লাহ (২৩) ও জাফর আলমের ছেলে শওকত ওসমান (১৮) এবং চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের জঙ্গলকাটা এলাকার জসিম উদ্দিনের ছেলে মো. তারেক জিয়া (১৮)।

এদের মধ্যে শামশুল আলম ওরফে শামশু মাঝি উদ্ধার হওয়া ট্রলারের মালিক বলে দাবি করেছেন নিহতের স্বজনরা। হাসপাতাল চত্বরে তার স্ত্রী রোকেয়া আক্তারকে দেখা গেছে। স্বজনরা পরনের পোশাক, জন্মদাগ, অঙ্গ ও অন্যান্য বিষয় দেখে চিহ্নিত করার কথা বলেছেন। অনেকে গতকাল বিকাল থেকে মরদেহের অপেক্ষায় হাসপাতাল চত্বরে এসে অপেক্ষা করছেন; কান্নাকাটি করছেন।

বাকি পাঁচটি মরদেহ মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে নুরুল কবির (২৩), একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ পারভেজ মোশারফ (১৪), মুছা আলীর ছেলে ওসমান গণি (১৭), চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকার কবির হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৩৬) এবং একই ইউনিয়নের জঙ্গলকাটা এলাকার শাহ আলমের ছেলে মো. শাহজাহানের (২৯) হতে পারে।

হাসপাতাল চত্বরে আসা স্বজনরা বলছেন, তারা গত ৭ এপ্রিল থেকে নিখোঁজ আছেন। তবে এক মরদেহের একাধিক দাবিদার থাকায় প্রশ্নও উঠেছে, তাহলে কি আরও কেউ নিখোঁজ আছেন?

এ ছাড়া সাধারণ সাগরে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলোতে নাম লিখা থাকে। কিন্তু উদ্ধার হওয়া ট্রলারটির কোনো নাম ছিল না- এ নিয়ে প্রশ্ন উঠেছে।

হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চাইলে আনোয়ার হোসেন বলেন, “সুনির্দিষ্টভাবে এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না। ট্রলারের গায়ে নাম লেখা থাকার ব্যাপারে অন্য ট্রলার মালিক, সাগরে মাছ ধরতে যাওয়া জেলে এবং সংশ্লিষ্টদের সঙ্গে পুলিশ কথা বলবে। সেখান থেকে পাওয়া তথ্য এবং অন্য উৎস থেকে পাওয়া মেলানোর পর প্রকৃত চিত্র জানানো সম্ভব হবে। তাই এই মুহূর্তে এ ব্যাপারে কিছু বলা ঠিক হবে না।”

আনোয়ার হোসেন বলেন, “লাশগুলো ডিকম্পোস্ট হয়ে গেছে। তাই সবারই ডিএনএর নমুনা সংগ্রহ রাখা হবে। রেখে সবারই পরিচয় নিশ্চিত করা হবে। কয়েকজনের আত্মীয়-স্বজন মর্গে এসেছেন। তারা পরিচয় চিহ্নিত করতে সক্ষম হয়েছেন।

“তাদের চিহ্নিত লাশের আর যদি কোনো দাবিদার না থাকে এবং সেই ক্ষেত্রে পুলিশ যদি নিশ্চিত হয়, তারই আত্মীয়। সেই ক্ষেত্রে তার নিকটাত্মীয়ের কাছে লাশ হস্তান্তর করা হবে।”