২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ট্রলারে ১০ লাশ: যা যা জানা যাচ্ছে

“আমার ছেলে যে সাগরে গেছে সেটা আমি জানি না। সে তো রাজমিস্ত্রির কাজ করে।”

কক্সবাজারে ট্রলারে ১০ লাশ: যা যা জানা যাচ্ছে

কক্সবাজারের উপকূলবর্তী বাঁকখালী নদীর মোহনায় মাছ ধরার ট্রলার থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শংকর বড়ুয়া রুমি, কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2023, 10:20 PM

Updated : 23 Apr 2023, 11:35 PM

কক্সবাজারের উপকূলবর্তী বাঁকখালী নদীর মোহনায় মাছ ধরার ট্রলারে যে ১০ জনের মরদেহ পাওয়া গেছে, তারা কীভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সে সম্পর্কে স্পষ্ট কিছু জানা যাচ্ছে না। 

রোববার দুপুরের পর শহরের পাশের নাজিরারটেক পয়েন্ট থেকে উদ্ধার হওয়া এসব মরদেহ অর্ধগলিত ও বিকৃত অবস্থায় পাওয়া গেছে; যা প্রাথমিকভাবে শনাক্ত করতে পারেনি পুলিশ।

তবে পুলিশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মরদেহগুলো পাঠানোর পর সেখানে চকরিয়া উপজেলার বাসিন্দা এক নারী এসে তার সন্তানকে শনাক্ত করেন; যিনি পেশায় জেলে নয়, রাজমিস্ত্রি ছিলেন।

এই তরুণ যে সমুদ্রে গেছেন তাও জানত না পরিবার।

মহেশখালীর একজন এসে তার দিনমজুর ছেলের লাশ শনাক্ত করেছেন। দুজনেই ৭ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। 

স্থানীয়রা বলছেন, পেশাদার ট্রলার ছাড়া কেউ সমুদ্রে মাছ ধরতে যাওয়ার কথা না। বাড়ি থেকে না জানিয়ে যাওয়ার তো কোনো কারণই নেই। 

ফলে মাছ ধরার ট্রলারে যাদের মরদেহ পাওয়া গেছে তারা জেলে নাকি অন্য কেউ; এ নিয়ে জল্পনা-কল্পনা চলছে। কেউ কেউ এ কথাও বলছেন, জেলেদের নিজেদের মধ্যে বিবাদের কারণে তাদের হত্যা করে নৌকায় তালাবদ্ধ করে সাগরে ডুবিয়ে দেওয়া হয়।

যদিও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলছেন, এসব তথ্য তারা নানাভাবে পাচ্ছেন, শুনছেন। কিন্তু এখনি কিছু বলা যাচ্ছে না।

“প্রকাশ্যে ও গোপনে এ নিয়ে তদন্ত হচ্ছে। আমাদের সোর্স তথ্য সংগ্রহ করছে। তদন্ত শেষ হলেই এ ব্যাপারে বলা যাবে।”

১০ জনের মরদেহের মধ্যে চকরিয়ার উপজেলার কোনাখালী উপজেলার জঙ্গলকাঁটা গ্রামের জসীম উদ্দিনের ছেলে মো. তারেক মিয়ার (২০) মরদেহ শনাক্ত করার কথা জানিয়েছেন তার মা জোছনা বেগম (৪৫)।

তিনি হাসপাতাল চত্বরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার ছেলে রাজমিস্ত্রির কাজ করে। ৭ এপ্রিল ইফতারির পর সে বটতলি স্টেশনে আসার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ নেই।”

পরে জোছনা বেগম খোঁজ-খবর নিয়ে জানতে পারেন একই এলাকার সাইফুল্লাহ ও শাহজাহান নামে আরও দুই যুবক নিখোঁজ আছেন। যদিও তাদের পেশা জানেন না তিনি।

ছেলের জন্মগতভাবে ডান হাতের চারটি আঙ্গুল একসঙ্গে লাগানো এবং কনিষ্ঠা নেই- সেই দেখে শনাক্ত করেছেন জানিয়ে জোছনা বেগম আরও বলেন, “আমার ছেলে যে সাগরে গেছে সেটা আমি জানি না। সে তো রাজমিস্ত্রির কাজ করে।”

মরদেহের একটি মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মিঠেছড়ি এলাকার সাহাব উদ্দিনের ছেলে সাইফুল ইসলামের (২৩)। বিকালে তার মরদেহ এসে শনাক্ত করেছেন তার বাবা। সাইফুল পেশায় দিনমজুর; খেত-খামারে কাজ করতেন।

সাহাব মিয়া (৫৫) বলেন, “৭ এপ্রিল ইফতারের পর সাইফুল বাড়ি থেকে বের হয়। তখন তার গায়ে সাদা স্ট্রাইপের ফুলহাতা শর্ট ছিল। সে সময় হাতে ও পায়ে রাবারের খারু (চুড়ির মত) পরত; ব্যাথা কমানোর জন্য। শার্ট আর খারু দেখেই ছেলেকে চিনেছি।

“বাড়ি থেকে বের হওয়ার পর সে নিখোঁজ ছিল। পরে ৯ এপ্রিল লোকজন জানায়, হোয়ানক ইউনিয়নের রাজুরঘোনা এলাকার জনৈক শামছু মাঝির নৌকায় করে সে দরিয়ায় মাছ ধরতে গেছে। তখন এমন আরও কয়েকজন নিখোঁজ বলে জানতে পারি।”

সাহাব মিয়া আরও বলেন, “লোকজনের কাছে লাশের খবর পেয়ে হাসপাতালে এসেছি।”

পুরনো খবর:

কক্সবাজারে মাছ ধরার ট্রলার থেকে হাত-পা বাঁধা ১০ মরদেহ উদ্ধার

হাসপাতালের মর্গের সামনে বিভিন্ন এলাকার আরও কয়েকজনকে দেখা গেছে। কেউ কেউ স্বজনের মরদেহ শনাক্ত করতে পেরেছেন বলেও বলাবলি করছেন। কিন্তু প্রকাশ্যে কেউ কোনো কথা বলতে চাচ্ছেন না। 

একজন বলছিলেন, “নৌকাটির মালিক শামছু মাঝি। তার মরদেহও এখানে থাকতে পারে।”

মরদেহগুলো সম্পর্কে জানতে চাইলে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল বলেন, “অনেকে বলাবলি শুরু করতাছে, ১৫ দিন আগে সাগরে ডাকাতি সম্পর্কিত একটা ঘটনা ঘটছে। তবে প্রকৃতপক্ষে এখন পর্যন্ত এই ইতিহাস আমরা বলতে পারব না। তবে বোটের মালিক দাবি করে এখনও কেউ আসেনি।”

স্থানীয় এক যুবক বলেন, “শনিবার সন্ধ্যার দিকে একটা বড় ট্রলার রশি দিয়ে বেঁধে এই ট্রলারটাকে ডুবন্ত অবস্থায় নিয়ে এল। এটাকে মোহনায় রেখে বড়র ট্রলারটা ঘাটে চলে গেছে। সকালে শুনতাছি তজুল্লাহ মাঝির বোটে লাশ আছে। তবে বোটের মালিক কে জানি না। বোটের কোনো নাম-টাম ছিল না। বড় বোটের মালিকের নাম বোধহয় গোড়া মিয়া।“

আরেকজন যুবক বলেন, “ঈদের সন্ধ্যায় এখানে আমরা বসে ছিলাম। বড় একটা ট্রলার টুইন করে টেনে নিয়ে আসছে। আমরা ভাবছি, দুই দিন আগে তুফান হইছে, তখন হয়তো ট্রলারটা ডুবে গেছে। জোয়ারের সময় রেখে চলে গেছে, এটা দেখেছি।”

“রাতে যখন দোকানে গেছি, তখন শুনতাছি এলাকাবাসী বলতাছে, এটা লাশের নৌকা।”

আরেকজন বলেন, “ট্রলারে মাছ রাখার জায়গায় একটা একটা করে লাশ ঢুকিয়ে বাইরে থেকে তালা মেরে দিছে। সেটা ভেঙে লাশ উদ্ধার করছে।”

ফায়ার সার্ভিসের কক্সবাজার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা খান খলিলুর রহমান সাংবাদিকদের বলেন, “জোয়ারের পানি নেমে যাওয়ার পর আমরা একটা ডিঙি নৌকা নিয়ে ট্রলারটির কাছে যাই। ট্রলারটি একদিকে কাত হওয়া ছিল।

“মরদেহগুলো মাছ ধরার ট্রলারের কোল্ড স্টোরেজের ভিতরে তালাবাদ্ধ অবস্থায় ছিল। সেখানে একটার উপর আরেকটা মরদেহ স্তুপ করা ছিল।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম বিকালে সাংবাদিকদের বলেছিলেন, “এরকম একটি খবর আমাদের কাছে ছিল যে, ১০ থেকে ১২ দিন আগে কিছু লোক সাগরে মাছ ধরতে গিয়েছে কিংবা সাগরে মাছ ধরার জন্য বের হয়েছে বলে তাদের বাড়িতে বলেছে। কিন্তু তারা আর ফিরে আসেনি।

“যদিও এ সংক্রান্ত দাপ্তরিক কোনো তথ্য আমাদের কাছে নেই। কিন্তু এ ধরনের তথ্য মাঝে কিছু শুনেছিলাম।”

তিনি আরও বলেন, “ধারণা করা হচ্ছে, মরদেহগুলো ১০ থেকে ১৫ দিন আগের। চেহারা বিকৃত হয়ে গেছে এবং পঁচা দুর্গন্ধ বেরচ্ছে। শরীরে আঘাতের চিহ্ন বোঝা যাচ্ছে না। তবে হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে।”