২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে স্কুলের দরজা ভেঙে পড়ে শিশুর মৃত্যু

মায়ের সঙ্গে বিদ্যালয়ের মাঠে ধান শুকানোর কাজে গিয়ে শিশুটির মৃত্যু হয় বলে জানায় পুলিশ।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2023, 09:44 PM

Updated : 06 May 2023, 09:44 PM

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় স্কুলের মাঠে প্রবেশের লোহার দরজা ভেঙে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৭টার দিকে পুটিমারী ইউনিয়নের ‘ভেরভেরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ এ ঘটনা ঘটে বলে জানান কিশোরগঞ্জ থানার ওসি রাজিব কুমার রায়।

নিহত চার বছর বয়সী মুনতাহার আক্তার ওই ইউনিয়নের মাঝাপাড়া হাজীরহাট গ্রামের মজনু মিয়ার মেয়ে।

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি রাজিব কুমার বলেন, শনিবার সকালে মেয়ে মুনতাহারকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ের মাঠে ধান শুকানোর জন্য যান তার মা রুবিনা বেগম। মা কাজে ব্যস্ত থাকায় বিদ্যালয়ের মাঠে প্রবেশের লোহার দরজার পাশে খেলছিল শিশু মুনতাহার।

“এ সময় লোহার দরজাটি ভেঙে শিশুটির গায়ের ওপরে পড়লে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”

মরদেহ রংপুর থেকে আসার পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।