০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

নরওয়েতে গ্যালারির অংশ ভেঙে পড়ে হাসপাতালে দর্শক

এতে কয়েকজন দর্শক নিচে পড়ে যান এবং একজনকে হাসপাতালে নিতে হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 12:03 AM

Updated : 09 Nov 2026, 12:03 AM

নরওয়ের শীর্ষ লিগে ত্রোমসো ও বোদা/গ্লিম্টের ম্যাচে ঘটেছে দুর্ঘটনা। ত্রোমসোর স্টেডিয়ামে সফরকারী দলের সমর্থকদের জন্য নির্ধারিত গ্যালারির একটি অংশ ভেঙে পড়ে। এতে কয়েকজন সমর্থক নিচে পড়ে যান এবং একজনকে হাসপাতালে নিয়ে যেতে হয় বলে উভয় ক্লাব জানিয়েছে।

রোববারের ওই ম্যাচে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে রেফারিকে গোলপোস্টের পেছনের ওই ঘটনার দিকে নজর দিতে বলেন বোদা/গ্লিম্টের গোলরক্ষক নিকিতা হাইকিন। ভারী বৃষ্টির মধ্যে সেখানে সফরকারী দলের সমর্থকরা দাঁড়িয়ে ছিলেন।

ত্রোমসো এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, একজন ব্যক্তি গ্যালারির ভাঙা অংশ দিয়ে নিচে পড়ে গিয়ে আহত হয়েছেন।

বোদা/গ্লিম্টের প্রেস অফিসার সাইমেন পেডেরসেন রয়টার্সকে পাঠানো এক বার্তায় জানান, মোট পাঁচ জন ব্যক্তি গ্যালারির ভাঙা অংশ দিয়ে নিচে পড়ে যান, যার মধ্যে একজনকে হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনাটি প্রত্যক্ষ করেন বোদা/গ্লিম্টের সমর্থক আন্দ্রিয়েন মোয়েন। তিনি নরওয়ের এক সংবাদমাধ্যমকে বলেন, “আমরা দাঁড়িয়েছিলাম এবং সমর্থকদের একটি গানের তালে লাফাচ্ছিলাম। তখনই হঠাৎ মেঝেটি ভেঙে দুই টুকরো হয়ে যায়। অন্তত দুজন মানুষ নিচে পড়ে যান। তবে তারা ঠিক কতটা নিচে পড়েছেন বা মোট কতজন পড়েছেন, তা আমরা জানি না।”

ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, নরওয়ে ফুটবল ফেডারেশন, সফরকারী দল, সমর্থকগোষ্ঠী এবং পুলিশের সঙ্গে আলোচনার পর, গোলশূন্য অবস্থায় থাকা ম্যাচটি পুনরায় শুরু করা হয়।