ভাঙা হল অজয় দেবগনের বাংলোর একাংশ
বিএমসির দাবি, প্রয়োজনীয় অনুমতি ছাড়া ওই বাংলোর ভেতরে সংস্কার কাজ চলছিল।
দুর্গোৎসবের মধ্যে নতুন একটি বিপাকে পড়লেন বলিউডের নব্বই দশকের অভিনেতা অজয় দেবগন। ‘অননুমোদিত' নির্মাণের জন্য কাজ বন্ধের নোটিশ জারির কয়েকদিন পর, মুম্বাইয়ের জুহু এলাকায় অভিনেতার বাংলোর কিছু অংশ ভেঙে দিয়েছে।
শনিবার মুম্বাইয়ের বিএমসি কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিয়েছে।
এনডিটিভি জানিয়েছে অজয়-কাজলের প্রায় ৭ হাজার ৮০২র্ব্গ ফুট আয়তনের বাংলোটি জুহুর কাপোল কো অপারেটিভ হাউজিং সোসাইটিতে পড়েছে।
বিএমসির দাবি, প্রয়োজনীয় অনুমতি ছাড়া ওই বাংলোর ভেতরের অংশে পরিবর্তন, পার্টিশন দেয়াল নির্মাণ, জানালার কাঠামো পরিবর্তনসহ বিভিন্ন ধরনের কাজ করা হচ্ছিল।
এ ঘটনায় গত ১০ সেপ্টেম্বর মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন আইনের ৩৫৪-এ ধারায় আনুষ্ঠানিক নোটিস দেয় বিএমসি। এতে নির্মাণকাজ অবিলম্বে বন্ধ করা এবং বৈধ নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
তবে নোটিসের পরও নির্মাণকাজ চলতে থাকে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরে বিএমসির কর্মকর্তারা সেখানে গিয়ে অবৈধভাবে নির্মিত অংশ ভেঙে দেন।
এর আগে মহারাষ্ট্রের নিষিদ্ধ পণ্য ‘বিমল পান মশলা’র বিজ্ঞাপন করে বিতর্কে জড়ান অজয়। ওই বিজ্ঞাপনের জেরে বিপাকে পড়েন শাহরুখ খান এবং টাইগার শ্রফও। তাদের নোটিস দেন মহারাষ্ট্রের খাদ্য সুরক্ষা প্রধান তুকারাম মুন্ডে। তামাকজাত পণ্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপের জন্যই তিনি পরিচিত।
সেই সমস্যার রেশ না কাটতেই বাংলোয় বেআইনি নির্মাণ নিয়ে বিপাকে পড়লেন অভিনেতা।
