২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে আর কোনো দিন ‘ভোট চুরি’ হবে না: ইসি আহসান হাবিব

কোনো কেন্দ্রে বিন্দুমাত্র সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে বলে জানান নির্বাচন কমিশনার।

দেশে আর কোনো দিন ‘ভোট চুরি’ হবে না: ইসি আহসান হাবিব

উপজেলা নির্বাচন উপলক্ষে বরিশালে নির্বাচন কর্মকর্তা ও প্রার্থীদের সঙ্গে আচরণবিধি নিয়ে মতবিনিময় সভায় বক্তব্য দেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2024, 09:49 PM

Updated : 26 Apr 2024, 09:49 PM

এদেশে আর কোনো দিন ‘ভোট চুরি’ কিংবা ‘ডাকাতির’ ঘটনা ঘটবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান।

তিনি বলেছেন, “ভোটে কোনো প্রার্থী প্রভাব বিস্তার করতে পারবেন না। আইনশৃঙ্খলার চাদরে ঘেরা থাকবে প্রতিটি কেন্দ্র। যতদিন পর্যন্ত আমরা কমিশনের দায়িত্বে আছি, ততদিন ভোট ডাকাতি বা চুরির পুনরাবৃত্তি আর হবে না।”

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে শুক্রবার বিকালে বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রার্থীদের সঙ্গে আচরণবিধি নিয়ে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আহসান হাবিব বলেন, উপজেলা নির্বাচনে প্রতিটা ইউনিয়নে একজন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। আমরা লেবেল প্লেইং ফিল্ড তৈরি করতে চাই।

প্রার্থীদের উদ্দেশে ইসি বলেন, “মন্ত্রী কিংবা সংসদ সদস্যের প্রার্থী যেই হোক না কেন আমাদের কাছে সবাই সমান। সকলের জন্য সমান সুযোগ। প্রশাসনের মেকানিজম রয়েছে।

“কোনো কেন্দ্রে বিন্দুমাত্র সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে। প্রয়োজনে আবারও ভোট নেওয়া হবে। কোনো প্রভাব বিস্তারের সুযোগ নেই।”

সাংবাদিকদের উদ্দেশে আহসান হাবিব বলেন, “ভোটে অনিয়ম হলে আপনারা ভিডিও ধারণ করে আমাদের কাছে পাঠাবেন, দেখবেন সঙ্গে সঙ্গে অ্যাকশন। কোনোভাবে কাউকে ছাড় দেওয়া হবে না।”

এর আগে বরিশাল জেলা প্রশাসন সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার মো. শওকত আলীর সভাপতিত্বে সভায় রেঞ্জ ডিআইজি মো. জামিল হাসান, পুলিশ কমিশনার জিহাদুল কবির, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, পুলিশ সুপার এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।