ব্রাহ্মণবাড়িয়া নাগরিক ফোরামের দাবি বাস্তবায়নে স্মারকলিপি
স্মারকলিপিতে বলা হয়, নতুন ট্রেন চালু, আন্তঃনগর বিজয় ও কালনী এক্সপ্রেসের যাত্রাবিরতি ও বিদ্যমান ট্রেনগুলোর আসন সংখ্যা বাড়ানো ব্রাহ্মণবাড়িয়াবাসীর দীর্ঘদিনের দাবি।
রেল ভ্রমণে দুর্দশা লাঘবে প্রধানমন্ত্রীর অনুশাসন মেনে চলার অনুরোধ জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের মাধ্যমে রেলসচিব এবং রেলওয়ের মহাপরিচালককে স্মারকলিপি দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরাম।
বৃহস্পতিবার দুপুরে ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্য এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্তের নেতৃত্বে জেলা প্রশাসক মো. শাহগীর আলমের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অমৃত লাল সাহা, বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, কবি ও গীতিকার দেওয়ান মারুফ, এসএম জামাম উদ্দিন, ফয়সল আহমেদ ওয়াকার, অ্যাডভোকেট উত্তম কুমার দাসসহ নাগরিক ফোরামের নেতারা ছিলেন।
ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটে নতুন ট্রেন চালু, আন্তঃনগর বিজয় ও কালনী এক্সপ্রেসের ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে যাত্রাবিরতি ও বিদ্যমান ট্রেনগুলোর আসন সংখ্যা বাড়ানো ব্রাহ্মণবাড়িয়াবাসীর দীর্ঘদিনের দাবি। বিভিন্ন সময়ে আন্দোলন কর্মসূচি পালনের পর গত ১১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী সম্মতি দেওয়ার পর দ্রুত ব্যবস্থা নিতে রেলসচিবকে নির্দেশ দেয় মন্ত্রিপরিষদ বিভাগ।
স্মারকলিপিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর সম্মতি থাকা সত্ত্বেও জেলা নাগরিক ফোরামের দাবি বাস্তবায়ন হয়নি।
এ অবস্থায় রেলসচিব ও রেলওয়ের মহাপরিচালককে দেওয়া স্মারকলিপিতে প্রধানমন্ত্রীর অনুশাসন মেনে চলার অনুরোধ জানানো হয়।
