১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএফসির মাধ্যমে দেশে ব্যাপক মার্কিন বিনিয়োগ হবে: মাহ্দী আমিন

“অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও ডিজিটাল খাতে মার্কিন বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ বাড়বে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 01:38 PM

Updated : 17 Nov 2026, 01:38 PM

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) স্বীকৃতি পাওয়ায় বাংলাদেশে ব্যাপক বিনিয়োগ ও কর্মসংস্থানের আশা করছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন।

তিনি বলেছেন, “আজকে ডিএফসির অর্থায়নের যে যোগ্যতা বাংলাদেশ লাভ করেছে, এর মাধ্যমে বাংলাদেশে ব্যাপক পরিমাণে মার্কিন বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টি হবে।”

মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ব্রিফিং করছিলেন মাহ্‌দী আমিন।

আগের দিন ডিএফসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের অর্থায়ন পাওয়ার যোগ্য দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর ফলে বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো নির্মাণ ও প্রযুক্তি খাতে বড় পরিসরে মার্কিন বিনিয়োগ আসার পথ সুগম হবে।

সরকারের নয় মাসের বিভিন্ন নীতির ধারাবাহিকতা এবং গণতান্ত্রিক সরকারের প্রতি আস্থার বিষয়টি এতে প্রতিফলিত হয়েছে বলে মন্তব্য করেন মাহ্‌দী আমিন।

তিনি বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে এটা অবহিত করা হয়েছে যে, এর মাধ্যমে সামনের দিনগুলোতে ইনশাল্লাহ বাংলাদেশের যে বৃহৎ প্রকল্পগুলো রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার, এনার্জি, টেকনোলজি, ডিজিটাল ট্রান্সফর্মসহ বহুমাত্রিক সেক্টরে মার্কিন বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টি অনেক সহজতর হবে।”

এ স্বীকৃতিতে তারেক রহমান সরকারের প্রতি বৈশ্বিক আস্থা ও বিশ্বাসের বহিঃপ্রকাশ ঘটেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন।

তিনি বলেন, “আপনারা নিশ্চয় জানেন যে, ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে যখন বিভিন্ন শ্রমবিরোধী নীতিমালা প্রণয়ন করা হয়েছিল, সেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের অর্থায়ন আসেনি। এই কারণে দীর্ঘদিন ধরে সেটা বন্ধ ছিল।”

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৯ সালে যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক বিনিয়োগের শাখা ডিএফসি প্রতিষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে লক্ষ্য নিয়ে এর আওতায় বেসরকারি মূলধনের ব্যবস্থা করা হয়ে থাকে।

পুরনো খবর:

যুক্তরাষ্ট্রের ডিএফসির অর্থায়নের পথ খুলল বাংলাদেশে