১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ২৫ ইন্টার্নের সাক্ষাৎ

ইন্টার্নরা তাদের বিভিন্ন কার্যক্রম, অর্জিত অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 10:35 PM

Updated : 17 Nov 2026, 10:35 PM

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কর্মরত ২৫ ইন্টার্ন আইনজীবী।

জাতীয় সংসদে মঙ্গলবার সন্ধ্যায় সরকার প্রধানের সঙ্গে তারা সাক্ষাৎ করেন বলে তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।

তিনি বলেন, “প্রধান আইন কর্মকর্তার কার্যালয়ের কর্মরত ২৫ জন ইন্টার্ন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন। ইন্টার্নরা তাদের বিভিন্ন কার্যক্রম, অর্জিত অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

“এ সময় তারা ঘৃণামূলক বক্তব্য মোকাবিলায় ডিজিটাল প্রস্তুতি এবং সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ে দুটি প্রকল্প প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী তাদের উপস্থাপনা ও উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানান।”

সাক্ষাতের সময়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল উপস্থিত ছিলেন।