১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

দূষণ কমাতে প্রতিশ্রুতির কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জুবাইদা রহমানের

“বাংলাদেশ বিশ্বব্যাপী সহযোগিতা আরও সুদৃঢ় করতে এবং আমাদের সম্মিলিত প্রতিশ্রুতিগুলোকে বাস্তবায়িত করতে পুরোপুরি প্রস্তুত।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 10:14 PM

Updated : 11 Nov 2026, 10:14 PM

বর্জ্যকে সম্পদে পরিণত করার পাশাপাশি দূষণ সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জুবাইদা রহমান।

বুধবার বিকালে আনতালিয়ায় জলবায়ু সম্মেলন কেন্দ্রের ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’ শীর্ষক রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণীদের উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘‘বর্জ্যকে কোনো ব্যবহার ছাড়াই নষ্ট হতে দেওয়া উচিত নয়। বরং একে একটি সম্পদে, শক্তির উৎসে এবং প্রবৃদ্ধির সুযোগে পরিণত হওয়া উচিত।

‘‘আসুন, আমরা বর্জ্যকে সম্পদে, দূষণ সমাধানে এবং প্রতিশ্রুতিকে কার্যকর পদক্ষেপে রূপান্তরিত করি। বাংলাদেশ বিশ্বব্যাপী সহযোগিতা আরও সুদৃঢ় করতে এবং আমাদের সম্মিলিত প্রতিশ্রুতিগুলোকে বাস্তবায়িত করতে পুরোপুরি প্রস্তুত।”

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান বলেন, একক প্রচেষ্টায় 'জিরো ওয়েস্ট' লক্ষ্য অর্জন সম্ভব নয়। এজন্য প্রয়োজন সাশ্রয়ী জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং সক্ষমতা বাড়ানো। সেই সঙ্গে দরকার বেসরকারি খাতের জোরালো অংশগ্রহণ এবং অপ্রাতিষ্ঠানিক বর্জ্য কর্মীদের সঠিক সুরক্ষা।

‘‘আমাদের তরুণ প্রজন্মকে এই আন্দোলনে অন্তর্ভুক্ত করতে হবে। পরিবেশগত সচেতনতা গড়ে তোলার কাজ শুরু হতে হবে আমাদের ঘরবাড়ি, বিদ্যালয় ও সমাজ থেকে। আমাদের তরুণরা শুধু আগামী দিনের নেতাই নয়, আজকের দিনের সমস্যা সমাধানেরও অংশীদার।”

বর্জ্যমুক্ত কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তুরস্কের ফাস্ট লেডি এমিনে এরদোয়ানের নেতৃত্বের প্রশংসা করেন জুবাইদা রহমান। বলেন, ‘‘তার এই নেতৃত্ব সত্যিই অনুপ্রেরণাদায়ক।”

‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্সকে’ স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘‘এই কর্মসূচিকে বাংলাদেশ সমর্থন করে। এটি একটি পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যকর জনগোষ্ঠী এবং টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে বাংলাদেশ সরকারের যে লক্ষ্য তার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।

‘‘বাংলাদেশ সরকারের ‘থ্রি-আর’ কৌশল বর্জ্যের রিডিউস, রিইউজ এবং রিসাইকেলকরণকে উৎসাহিত করে। আমাদের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালাতেও বর্জ্য পৃথকীকরণ ও নিরাপদ অপসারণ ব্যবস্থাকে আরও জোরদার করে। আমাদের ‘ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন’ (এনডিসি ৩.০) এর আওতায় বাংলাদেশ ২০৩৫ সালের মধ্যে বর্জ্য খাত থেকে ১.৭৮ মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য নির্গমণ কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে।”

বৈঠকে বাংলাদেশ সরকারের অগ্রাধিকারে রিসাইক্লিং, কম্পোস্টিং, ল্যান্ডফিল থেকে গ্যাস আহরণ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, বর্জ্য পানির উন্নত শোধন এবং চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত বর্জ্যের নিরাপদ ও টেকসই ব্যবস্থাপনা- যার মাধ্যমে এই বর্জ্যের যথাযথ পৃথকীকরণ, প্রক্রিয়াজাতকরণ এবং পরিবেশসম্মত অপসারণ নিশ্চিত করার কথা তুলে ধরেন জুবাইদা রহমান।

‘ঢাকায় ওয়েস্ট টু এনার্জি প্রকল্প’

জুবাইদা রহমান বলেন, ‘‘ঢাকায় একটি বৃহৎ 'ওয়েস্ট-টু-এনার্জি' বা বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরির প্রকল্প গড়ে তোলা হচ্ছে। এই প্রকল্পে প্রতিদিন ৩,০০০ টন গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াজাত করে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। আমরা বাংলাদেশের অন্যান্য বড় শহরেও এ ধরনের প্রকল্পের বিস্তার ঘটাতে চাই।

‘‘বাংলাদেশ সরকারের লক্ষ্য খুব সহজ: শহরের বর্জ্যকে পরিচ্ছন্ন শক্তিতে রূপান্তর করা এবং পরিবেশ রক্ষা করা। এছাড়া প্লাস্টিক দূষণ কমাতে আমরা আমাদের লেক, খাল, পুকুর ও জলাশয়গুলো পরিচ্ছন্ন করার কাজও চালিয়ে যাচ্ছি।“

তিনি বলেন, ‘‘প্লাস্টিকের একটি প্রাকৃতিক বিকল্প বাংলাদেশের কাছে রয়েছে, তা হল আমাদের সোনালী আঁশ, পাট। প্লাস্টিকের পরিবর্তে আমরা পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছি।”

সম্মেলন কেন্দ্রে গ্রিন জোনে অবস্থিত বাংলাদেশের প্যাভিলিয়ন পরিদর্শনের জন্য বিশ্ব নেতাদের স্ত্রীদের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রীর সহধর্মিণী।

‘গ্লোবাল মিথেন প্লেজ’ এর স্বাক্ষরকারী দেশ হিসেবে মিথেন নির্গমন কমাতে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা তুলে ধরে তিনি বলেন, ‘‘আমরা জলবায়ুবান্ধব কৃষি এবং উন্নত ধান চাষ পদ্ধতিকে উৎসাহিত করছি। এছাড়া জৈব বর্জ্যকে জৈব সার ও পরিচ্ছন্ন শক্তিতে রূপান্তরিত করছি।”