সিলেটের ধলাই নদীতে নেমে পর্যটক নিখোঁজ
“সাঁতার কাটতে নামলে একসময় প্রবল স্রোতে সালাম ভেসে যান।”
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটন কেন্দ্র সাদাপাথরে বেড়াতে গিয়ে পানিতে নেমে এক যুবক নিখোঁজ হয়েছেন।
রোববার বেলা আড়াইটার দিকে সাদাপাথর এলাকায় ধলাই নদীতে নেমে তিনি স্রোতে ভেসে যান বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়।
নিখোঁজ যুবকের নাম আব্দুস সালাম (২২)। তিনি ঢাকার মিরপুর-১১ এলাকার মৃত আবুল কালামের ছেলে।
ধলাই নদের উৎস মুখের পাথর পরিবেষ্টিত অংশটুকু সাদাপাথর নামে পরিচিত। পর্যটক ও দর্শনার্থীদের কাছেও এটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র।
আব্দুস সালামের সঙ্গে বেড়াতে যাওয়া মো. সাজ্জাদ হোসেন শাহীন সাংবাদিকদের বলেন, “মিরপুর থেকে তারা ছয়জন সাদাপাথর এলাকায় বেড়াতে এসেছেন। ধলাই নদীতে সাঁতার কাটতে নামলে একসময় প্রবল স্রোতে সালাম ভেসে যান। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।”
খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিস নিখোঁজ আব্দুস সালামকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান ওসি।
