২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

‘পুলিশ সড়কে চাঁদাবাজিতে জড়ালে কঠোর ব্যবস্থা’

মতবিনিময়ে অংশ নেন মহাসড়কের পাশে অবস্থিত খাবার হোটেল মালিক, হাটের ইজারাদার এবং সড়ক বিভাগের প্রতিনিধিরাও।

‘পুলিশ সড়কে চাঁদাবাজিতে জড়ালে কঠোর ব্যবস্থা’

হাটিকুমরুল হাইওয়ে থানার উদ্যোগে আয়োজিত মতবিনিময়ে বক্তব্য দেন বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2023, 05:06 PM

Updated : 19 Jun 2023, 05:06 PM

কোরবানির ঈদের সময় কোনো সংগঠন বা পুলিশের কোনো সদস্য মহাসড়কে চাঁদাবাজিতে জড়িয়ে পড়লে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

তিনি বলেন, “ঈদে ঘরমুখো মানুষ এবং গবাদি পশুবাহী যানবাহন যেন ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছতে পারে সেই লক্ষ্যে হাইওয়ে পুলিশ কাজ শুরু করেছে। চাঁদাবাজি করলে কোউকে ছাড় দেওয়া হবে না।”

সোমবার দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরে হাটিকুমরুল হাইওয়ে থানার উদ্যোগে আয়োজিত যানজট নিরসন, মহাসড়ক সংস্কার ও দুর্ঘটনা হ্রাস সংক্রান্ত ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন পুলিশ সুপার।

সভায় বগুড়া-ঢাকা, হাটিকুমরুল-বনপাড়া, বগুড়া-পাবনা মহাসড়কগুলোয় শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে এসব মহাসড়কের পাশে অবস্থিত খাবার হোটেল মালিক, হাটের ইজারাদার এবং সড়ক বিভাগের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এসময় হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের সহকারী পুলিশ সুপার হরেশ্বর রায়, হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এস এম বদরুল কবিরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।