ফরিদপুরে সড়কে গাছ ফেলে ডাকাতি, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
ভাঙ্গায় রোববার রাতে পিক-আপের গতিরোধ করে গরু ব্যবসায়ীদের ১০ লাখ টাকা ডাকাতি করেছে বলে জানায় পুলিশ।
ফরিদপুরের ভাঙ্গায় সড়কে গাছ ফেলে পিকআপ আটকে গরু ব্যবসায়ীর ১০ লাখ টাকা লুটের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার দুয়াইরে এই অভিযান চালানো হয় বলে ফরিদপুর পুলিশ সুপার মো. শাহজাহান জানান।
গ্রেপ্তার ২৫ বছর বয়সী জুয়েল তালুকদার দুয়াইর গ্রামের মোশারফ তালুকদারের ছেলে।
মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শাহজাহান বলেন, রোববার মধ্যরাতে তারাইল-সদরপুর সড়কের ভাঙ্গার চরদুয়াইড় এলাকায় পিক-আপের গতিরোধ করে গরু ব্যবসায়ীদের ১০ লাখ টাকা লুট করে।
এ ঘটনায় মঙ্গলবার থানায় অজ্ঞাত পরিচয়দের আসামি করে মামলা করেছেন এক ভুক্তভোগী।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, “রোববার রাতে ডাকাতির ঘটনায় জুয়েল তালুকদার জড়িত ছিলেন। তিনি ডাকাত দলের একজন সক্রিয় সদস্য।
“গ্রেপ্তরের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে তিনটি চাইনিজ কুড়াল, চারটি রামদা, একটি করাত, একটি ডেগারসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম ও ১০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।”
অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা-সার্কেল) মো. হেলালউদ্দিন ভূইয়া বলেন, “জুয়েল ডাকাত দলের সেকেন্ড-ইন-কমান্ড। তাকে গ্রেপ্তরের পর ডাকাতির সঙ্গে জড়িত আরও ১০-১২ জনের তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
পুলিশ সুপার আরও বলেন, ভাঙ্গা এলাকাটি হাইওয়ে সড়কের সঙ্গে যুক্ত হওয়ায় অঞ্চলটিতে প্রায়ই ডাকাতির খবর শোনা যায়। তবে এমন ঘটনা এড়াতে তৎপর রয়েছে পুলিশ।
