রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু
এ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচজনে।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার সকাল পৌনে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ইনচার্জ সহকারী অধ্যাপক ডা. তানজিলুল বারি।
মৃত নুরুজ্জামান (৭০) নগরীর শাহ মুখদুম থানার পিছনে বকশিয়া খানকা শরিফ এলাকার বাসিন্দা। তিনি মধুবন কমিউনিটি সেন্টারের বাবুরচি ছিলেন।
ডা. তানজিলুল বারি বলেন, এক সপ্তাহ ধরে নুরুজ্জামান জ্বরে ভুগছিলেন। শুক্রবার রাত পৌনে ২টার দিকে তাকে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন। সেখানে পরীক্ষা করে তার ডেঙ্গু পজেটিভ আসে। তার শ্বাসকষ্ট ও হাঁপানি ছিল।
এ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচজনে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ৭৪ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২০ জন।
