২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোটালীপাড়ায় ছাত্রলীগের কমিটি নিয়ে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

“যারা পদ পায়নি তারা একটু কষ্ট পেয়েছেন, তাই তারা পদের জন্য আন্দোলন করছেন।”

কোটালীপাড়ায় ছাত্রলীগের কমিটি নিয়ে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে এক পক্ষ।

গোপালগঞ্জ প্রতিনিধি

Published : 30 Jul 2023, 10:31 PM

Updated : 30 Jul 2023, 10:31 PM

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের ঘোষিত কমিটি বাতিলের দাবিতে মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ঘটনায় তিন কর্মী আহত হয়েছেন।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান জানান। 

বিকালে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

আহতদের একজন জুয়েল সিকদার (২৫)। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি। এ সময় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের গ্লাস ভেঙে ফেলা হয়। 

এর আগে শনিবার রাতে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লার একক স্বাক্ষরে স্বপন তালুকদারকে সভাপতি ও শামিম দাড়িয়াকে সাধারণ সম্পাদক করে কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের দুই সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন।

এর প্রতিবাদে গভীর রাতে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পদবঞ্চিতরা বিক্ষোভে ফেটে পড়েন। 

এ সময় তারা গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং কমিটি বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। 

এরই জের ধরে রোববার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের সামনে সড়ক অবরোধ করেন পদবঞ্চিতরা। পরে তারা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। 

অন্যদিকে নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক তাদের অনুসারীদের নিয়ে পৌরসভার সামনে ও বিভিন্ন জায়গায় অবস্থান নেন। এতে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে যান চলাচল ব্যাহত হয়।

বিক্ষোভকারী ও পদবঞ্চিত ছাত্রলীগ নেতা মঈনুল ইসলাম রিমো, রাজিব শেখ, ইয়াদুল নিজামী জানান, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আমির হামজার স্বাক্ষর না নিয়ে নিয়মবহির্ভূতভাবে কমিটি দেওয়া হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতির একক স্বাক্ষরে ৩৬ বছর বয়সি মো. স্বপন তালুকদারকে সভাপতি ও ৩৩ বছর বয়সি শামীম দাড়িয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এটি ছাত্রলীগের গঠনতন্ত্র পরিপন্থি। 

Image

গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ।

তারা আরও জানান, ছাত্রলীগের গঠনতন্ত্রে বয়স নির্ধারণ করা হয়েছে ৩১ বছর। বয়স উত্তীর্ণদের দিয়ে নিয়মবহিভূতভাবে কমিটি গঠন করা হয়েছে। 

ফলে এই কমিটি বাতিলের দাবি জানান তারা। 

উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি স্বপন তালুকদার ও সাধারণ সম্পাদক শামীম দাড়িয়া জানান, তারা কলেজ ও উপজেলা ছাত্রলীগে নেতৃত্ব দিচ্ছেন। কোভিডের আগে সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু কোভিডের  কারণে সম্মেলন পেছানো হয়েছে। 

তারা আরও জানান, এজন্য তাদের বয়স কিছুটা বেড়েছে। উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের মতামতের ভিত্তিতে এই কমিটি করা হয়।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হামজা বলেন, “কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের ব্যাপারে আমি ঊর্ধ্বতনদের কাছ থেকে কোনো নির্দেশনা পাইনি। তাই আমি ঘোষিত ওই কমিটির কাগজে স্বাক্ষর করিনি।” 

জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা বলেন, “জেলা-উপজেলা আওয়ামী লীগ নেতা, কোটালীপাড়া পৌরসভার মেয়রের উপস্থিতি এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়েছে।”  

তিনি আরও বলেন, “এ ব্যাপারে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদককে মোবাইলে কল করে জেলা আওয়ামী লীগের সভাপতির বাড়িতে আসার কথা বলেও তিনি উপস্থিত হননি। তাই নেতাদের নির্দেশে আমার একক স্বাক্ষরে কমিটি ঘোষণা করা হয়েছে।”

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, “জেলা আওয়ামী লীগের সভাপতি আমাকে ফোনে ডেকে নেন। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে জেলা আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগ এই কমিটি গঠন করেছেন বলে আমাকে জানিয়েছেন। সেখানে আমি উপস্থিত ছিলাম।” 

তিনি আরও বলেন, “যারা পদ পায়নি তারা একটু কষ্ট পেয়েছেন। তাই তারা পদের জন্য আন্দোলন করছেন।”

তাদের বুঝানোর চেষ্টা করছি; সব ঠিক হয়ে যাবে বলে জানান তিনি।