চাঁদপুরে ফ্ল্যাটে মিলল দম্পতির লাশ, পুলিশের ধারণা ‘আত্মহত্যা’
“প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে স্বামী-স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।”
চাঁদপুরে একটি ফ্ল্যাট থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে চাঁদপুর পৌর শহরের ১০ নাম্বার ওয়ার্ডে পালপাড়া দারুস সালাত মসজিদ সংলগ্ন একটি বাড়ির দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে বলে চাঁদপুর মডেল থানার ওসি মো. বাহার মিয়া জানান।
নিহতরা হলেন- ঢাকা যাত্রাবাড়ীর দনিয়া মাদ্রাসা রোড এলাকার জিন্নাত আলীর ছেলে সবুজ আহমেদ (৪০) এবং তার স্ত্রী শিউলী আক্তার (৩৫)। শিউলী চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের আবু তাহেরের মেয়ে।
শিউলীর স্বজনরা জানান, তারা স্বামী-স্ত্রী শাহজাহান পাটওয়ারীর বাড়ির দ্বিতীয় তলায় প্রায় ছয় মাস ধরে ভাড়া থাকতেন। স্ত্রী শিউলির পরিচালিত ইউনিভিশন নামের নিজস্ব একটি ওষুধ কোম্পানি রয়েছে। ওই কোম্পানিতে তারা দুজন কাজ করতেন।
বাড়ির মালিক শাহজাহান পাটোয়ারী বলেন, “সবুজ আহমেদ ও শিউলী আক্তার প্রায় ছয় মাস ধরে আমার ভবনে ভাড়া থাকতেন। দুপুরে শিউলী আক্তারের মা দরজা খোলা না পেয়ে আমাদের জানান। পরে জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল দিয়ে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।”
শিউলীর মা খুরশিদা বলেন, “সবুজ আমার মেয়ের দ্বিতীয় স্বামী। সকাল থেকে শিউলীর ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করি। কিন্তু সে কল রিসিভ না করা তার বাসায় এসে দেখি ভেতর দিয়ে দরজা বন্ধ। এরপর বাড়ির মালিক ও পুলিশের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। শিউলীর প্রথম সংসারের রাফসান ও রাফি নামে দুই সন্তান রয়েছে।”
ওসি বাহার বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে স্বামী-স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। সবুজকে ঝুলন্ত অবস্থায় ও শিউলীকে ঘরের মেঝেতে পড়ে থাকা অবস্থায় পাওয়া যায়।
“তবে শিউলীর গলায় কালো চিহ্ন রয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
