২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী-সন্তানের সামনে ‘ছিনতাইকারীর ছুরিকাঘাতে’ যুবক খুন

ওই যুবক স্ত্রী-সন্তান নিয়ে গ্রাম থেকে ফিরছিলেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2023, 07:13 PM

Updated : 24 Feb 2023, 07:13 PM

সাভারে স্ত্রী-সন্তানের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে ।

শুক্রবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডের রাজালাখ ফার্ম এলাকায় এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান।

নিহত সোহেল মিয়া (২৭) রংপুরের বদরগঞ্জ উপজেলার সাকুয়াপাড়া গ্রামের আনোয়ার মিয়ার ছেলে।

তিনি সাভারের মজিদপুর এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রির কাজ করতেন। সোহেল স্ত্রী-সন্তান নিয়ে গ্রাম থেকে ফিরছিলেন।

নিহতের স্ত্রী মুন্নী খাতুনের বরাত দিয়ে ওসি দীপক চন্দ্র বলেন, ভোরে সোহেল তার স্ত্রী-সন্তান নিয়ে ওই বাস স্ট্যান্ডের রাজালাখ ফার্মের সামনে নামেন। এ সময় আগে থেকে সেখানে অবস্থান করা একদল ছিনতাইকারী সোহেলের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন।

সোহেলের স্ত্রীর বরাত দিয়ে ওসি আরও বলেন, “এ সময় ছিনতাইকারীরা সোহেলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।”

“ছিনতাইকারীদের আটকে পুলিশের একাধিক দল কাজ করছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে,” বলেন ওসি দীপক চন্দ্র সাহা।