টাঙ্গাইলে শিক্ষা সফরের বাসে ডাকাতি: গ্রেপ্তার আরও ২
পুলিশ জানায়, এ নিয়ে বাসে ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হল।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় শিক্ষা সফরের বাসে ডাকাতির ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
সোমবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন- রংপুরের শফিকুল ইসলাম শরিফ (১৯) এবং রূপন চন্দ্র ভাট (২৪)।
পুলিশ জানায়, এ নিয়ে বাসে ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হল।
পুলিশ সুপার মিজানুর বলেন, এ ঘটনায় পুলিশ ২৬ ফেব্রুয়ারি প্রথমে লুণ্ঠিত মালামালসহ চারজনকে গ্রেপ্তার করে। তারা স্থানীয় ডাকাত হিসেবে পরিচিত। গ্রেপ্তারদের ভিকটিমের মাধ্যমে যাচাই করে এ ঘটনায় জড়িত হিসেবে চিহ্নিত করা হয়েছে। চারজন কারাগারে আছেন।
পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়ার তথ্যের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তি ব্যবহার করে গাজীপুর সদর এবং বাসান এলাকা থেকে ২৭ ফেব্রুয়ারি শরিফ এবং রূপনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি লুণ্ঠিত মোবাইল ফোন এবং ডাকাতিতে কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়। এই দুজন বর্তমানে পুলিশের রিমাণ্ডে রয়েছে।
পুলিশ ও বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২৫ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৪টার দিকে ময়মনসিংহের ফুলবাড়িয়ার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয় থেকে চারটি বাস নিয়ে নাটোর একটি পিকনিক স্পটের দিকে রওনা করেন। প্রায় ২০ জন শিক্ষক কর্মচারী, প্রায় ৪০ জন অভিভাবকসহ ১৮০ জন শিক্ষার্থীদের বহনকারী বাসগুলো ঘাটাইল-সাগরদীঘি সড়কের ফুলমালির চালা এলাকায় ডাকাতের কবলে পড়ে।
১০-১২ জনের ডাকাতদল প্রায় দেড় লাখ নগদ টাকা, দেড় ভরি স্বর্ণ ও ১০টা স্মার্টফোন নিয়ে যায়।
