সিলেটে মোটরসাইকেলের ধাক্কায় পুলিশ সদস্য মৃত্যুর ঘটনায় মামলা
পুলিশ বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলা করেছে।
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় চেকপোস্টে দায়িত্বরত অবস্থায় মোটরসাইকেলের ধাক্কায় এক পুলিশ সদস্য মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। ওই সময় বাইকের আরোহী দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে মোগলাবাজার থানার ওসি এস এম মাইন উদ্দিন বলেন, “সড়ক পরিবহন আইনে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ মামলায় দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও একজনকে আসামি করা হয়।”
গ্রেপ্তার ১৭ বছর বয়সী দুই কিশোরের বাড়ি গোলাপগঞ্জ উপজেলায়।
ওসি মাইন উদ্দিন বলেন, “আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’’
এর আগে রোববার দুপুর সাড়ে ১২টায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচক এলাকায় দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় জকিগঞ্জ উপজেলার বারগাত্তা গ্রামের বাসিন্দা ও মোগলাবাজার থানার পুলিশ কনস্টেবল ফয়সল আহমদ (২৭) গুরুতর আহত হন।
তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন:
