সড়কে প্রাণ গেল সেনা-পুলিশ সদস্যসহ ৭ জনের
এদিকে নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে রোববার সকালে টঙ্গীতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
পাঁচ জেলায় সড়কে প্রাণ ঝরেছে সাতজনের। এ সময় আহত হয়েছেন আরও ১১ জন।
এর মধ্যে দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্যসহ দুইজন, গাজীপুরের টঙ্গীতে বাস চাপায় এক নারী, মাদারীপুরে মোটরসাইকেলের দুই আরোহী, পাবনায় ইজিবাইকের ধাক্কায় এক শিশু এবং সিলেটে মোটরসাইকেলের ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
রোববার সংশ্লিষ্ট থানার পুলিশ এসব তথ্য জানিয়েছেন।
দিনাজপুর: চিরিরবন্দর উপজেলার চম্পাতলী এলাকায় মোটরসাইকেল আরোহী এক সেনা সদস্য এবং সদর উপজেলার পাঁচবাড়ীতে যাত্রীবাহী বাসের চালকের সহকারীর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন বাসের আরও ১০ যাত্রী।
চিরিরবন্দর থানার ওসি বজুলুর রশিদ বলেন, রোববার দুপুর ১২টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কে একটি মাইক্রোবাস পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী রুহুল আমিন ঘটনাস্থলেরই মারা যান।
নিহত রুহুল আমিন পার্বতীপুর উপজেলার ধোপাকল বাঙ্গালীপুর গ্রামের জাকির হোসাইনের ছেলে। তিনি সেনাবাহিনীর অষ্টম ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের কর্পোরাল পদে ঢাকায় কর্মরত ছিলেন।
ঘটনার পর চালক পালিয়ে গেলেও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি বজুলুর।
এদিকে কোতোয়ালি থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, দুপুর ২টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের পাঁচবাড়ীতে যাত্রীবাহী একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চালকের সহকারী আবু বক্কর নিহত হন। আহত হয় বাসের অন্তত ১০ জন যাত্রী।
আহতদের মধ্যে ছয়জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে; তবে নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি বলে তিনি জানান।
দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি তানভিরুল।
গাজীপুর: টঙ্গীতে হোসেন মার্কেটের সমানে বাসে উঠতে গিয়ে বাসচাপায় এক নারীর মৃত্যু হয়েছে।
নিহত চাঁদনী আক্তার (২৯) শরীয়তপুরের জাজিরা থানার ফেরদৌস আহম্মদের মেয়ে। তিনি রাজধানীর বনানীতে স্কয়ার কোম্পানির মার্কেটিং বিভাগে চাকরি করতেন। তার স্বামী অপু পর্তুগাল প্রবাসী।
গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব থানার এসআই আশরাফুল আলম জানান, রোববার সকালে অফিসে যাওয়ার জন্য চাঁদনী বাসে ওঠার চেষ্টা করেন। এ সময় পেছন থেকে অপর একটি বাস তাকে চাপা দেয়।
গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
এদিকে নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে রোববার সকালে টঙ্গীতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় তারা চার দফা দাবি জানায়। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
দাবিগুলো হলো- টঙ্গীর চেরাগ আলী, কলেজ গেইট, হোসেন মার্কেট ও বড়বাড়ি এলাকায় গতিরোধক স্থাপন; উল্লিখিত এলাকায় ফুট ওভারব্রিজ নির্মাণ, ওভারব্রিজ নির্মাণের আগ পর্যন্ত ট্রাফিক ব্যবস্থা জোরদার; স্পিডব্রেকার (গতিরোধক) নির্মাণের কাজ শেষ না হওয়া পর্যন্ত বিআরটি প্রকল্পের মাঝের লেন বন্ধ রাখা।
শফিউদ্দিন সরকার একাডেমির শিক্ষার্থী আফসানা বিনতে মারিন বলেন, টঙ্গীর কলেজ গেইট এলাকায় বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫ হাজারের বেশি ছাত্রছাত্রী প্রতিদিন এ সড়ক দিয়ে পারাপার হয়। দীর্ঘদিন ধরে সড়ক পারাপারে এখানে ফুট ওভারব্রিজ স্থাপন বা জেব্রা ক্রসিংয়ের দাবি জানিয়ে এলেও বিষয়টিতে নজর দেয়নি কর্তৃপক্ষ। এ পথে ১০ বছরে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ অন্তত ১৮ জন মৃত্যু হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ দক্ষিণ) মো. মাহবুব উজ-জামান বলেন, সকালে হাজারো শিক্ষার্থী মহাসড়কে মানববন্ধনে অংশ নেয়। পরে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
মাদারীপুর: মাদারীপুরে পৃথক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও এক আরোহী।
রোববার ভোর ৪টা থেকে ৫টার মধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার পাথুরিয়ারপাড়, মেলকাই ও কালকিনি পৌর এলাকার গোপালপুর ব্রিজে এ ঘটনা ঘটে বলে মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু নাঈম মো. মোয়াজ্জেম হক জানান।
নিহতরা হলেন- কুমিল্লার চান্দিনা উপজেলার বড়কুড়া এলাকার হেলাল উদ্দিনের ছেলে মেহেদী হাসান (২৪) এবং বরিশালের গৌরনদী উপজেলার বৌঙ্কড়া এলাকার মকবুল হোসেনের ছেলে হাফিজুর রহমান (৩০)। তারা ঢাকায় চাকরি করতেন। এর মধ্যে হাফিজুল অর্থ মন্ত্রণালয়ের কর্মচারী ছিলেন।
আহত ওবায়দুল মজুমদার (৫০) কালকিনি পৌর এলাকার পূয়ালী গ্রামের বাসিন্দা। তিনি শিবচর উপজেলার বহেরাতলা কলেজের প্রভাষক।
হাইওয়ে পুলিশ জানায়, ভোর ৪টার দিকে মেহেদী হাসান মোটরসাইকেলে করে বরিশাল থেকে ঢাকায় যাচ্ছিলেন। পথে মেলকাই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এর কিছুক্ষণ পর ভোর ৫টার দিকে একই মহাসড়কের পাথুরিয়ারপাড় এলাকায় ট্রাকের ধাক্কায় ঢাকামুখী মোটরসাইকেল আরোহী হাফিজুর রজমান নিহত হয়েছেন।
পুলিশ জানায়, ওবায়দুল তার মেয়েকে গোপালপুর উচ্চ বিদ্যালয়ে পৌঁছে দিয়ে ফেরার পথে গোপালপুর ব্রিজে ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠায়।
পরিদর্শক আবু নাঈম বলেন, মোটরসাইকেল আরোহী দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পাবনা: ঈশ্বরদী উপজেলায় রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বেলা ১২টার দিকে দাশুড়িয়া ইউনিয়নের আথাইল শিমুল এলাকায় এ ঘটনা ঘটে বলে ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার।
নিহত মো. সহি (৮) ওই ইউনিয়নের খয়েরবাড়ীয়া গ্রামের ফুরকান আলীর ছেলে। সে আথাইল শিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ জানায়, স্কুলের ক্লাস শেষে সহিসহ কয়েকজন একসঙ্গে বাড়িতে ফিরছিল। সহি দৌড়ে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এ সময় ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়।
আহত সহিকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি অরবিন্দ।
সিলেট: সিলেট সদরে চেকপোস্টে দায়িত্বরত অবস্থায় মোটরসাইকেলের ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুর সাড়ে ১২টায় পারাইরচ এলাকায় এ ঘটনা ঘটে বলে মোগলাবাজার থানার ওসি এস এম মাইন উদ্দিন জানান।
নিহত ফয়সল আহমদ (২৭) জকিগঞ্জ উপজেলার বারগাত্তা গ্রামের বাসিন্দা। তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় বলতে পারেনি পুলিশ।
ওসি মাইন উদ্দিন বলেন, “সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচকে চেকপোস্ট বসিয়ে গাড়ির কাগজপত্র যাচাই-বাছাই করছিল পুলিশ। এ সময় ফেঞ্চুগঞ্জ থেকে আসা একটি মোটরসাইকেলকে থামার সিগন্যাল দেওয়া হয়।
“কিন্তু মোটরসাইকেলটি সিগন্যাল অমান্য করে চেকপোস্ট পার হয়ে যায়। এ সময় পুলিশ কনস্টেবল ফয়সল আহেমদ দৌঁড়ে গাড়িটি থামাতে গেলে তাকে ধাক্কা দিয়ে মোটরসাইকেলের দুই আরোহী চলে যান।”
আহত কনস্টেবলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান বলে জানান ওসি।
