ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন ফেরায় সন্তোষ, ভাড়া নিয়ে অসন্তোষ
আটটি কমিউটার ট্রেন প্রতিদিন ১৬ বার করে আসা যাওয়া করবে।
প্রায় আট মাস পর ঢাকা-নারায়ণগঞ্জ লাইনে আবার ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। তবে ৫ টাকা ভাড়া বাড়ানোয় অনেকের মধ্যে অসন্তোষ দেখা গেছে।
মঙ্গলবার ভোর ৫টায় কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে প্রথম কমিউটার ট্রেনটি সকাল পৌনে ৬টার দিকে নারায়ণগঞ্জ রেলস্টেশনে পৌঁছায় বলে নারায়ণগঞ্জ রেলস্টেশনের স্টেশনমাস্টার কামরুল ইসলাম খান জানান।
তিনি বলেন, আগে এই রেলপথে লোকাল ট্রেন চলত। এখন থেকে আটটি কমিউটার ট্রেন প্রতিদিন ১৬ বার চলাচল করবে; যার ভাড়া ২০ টাকা। লোকাল ট্রেনের চেয়ে কমিউটার ট্রেনে বেড়েছে যাত্রী সুবিধাও।
গত বছরের ৪ ডিসেম্বর পদ্মা সেতুতে রেলপথ সংযোগের কাজের জন্য অনির্দিষ্টকালের জন্য ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেলওয়ে কর্তৃপক্ষ। এই পথে একসময় ১৬টি ট্রেন দিনে ৩২ বার চলাচল করত। তবে করোনাভাইরাস মহামারির সময় ট্রেনের সংখ্যা কমিয়ে ছয়টিতে আনা হয়। যদিও মহামারি কেটে গেলে এই সংখ্যা আটটি করা হয়।
রেলওয়ের কর্মকর্তাদের তথ্যমতে, এই পথে দৈনিক অন্তত ১০ হাজার যাত্রী যাতায়াত করেন। ২০১৪ সালে ৩৭৮ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েল গেজ রেললাইন প্রকল্প গ্রহণ করা হয়।
এই প্রকল্পের কাজ ২০১৭ সালের জুন মাসের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ না দেওয়া তা সম্ভব হয়নি। এখন পর্যন্ত এই প্রকল্পের কাজ ৮২ শতাংশ সম্পন্ন হয়েছে। তবে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৬৫৮ কোটি ৩৪ লাখ টাকা।
গত ২৫ জুলাই ডাবল রেললাইন প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে নারায়ণগঞ্জের চাষাঢ়া রেলস্টেশনে গিয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন সাংবাদিকদের বলেন, দ্রুত ডাবল রেললাইনের কাজ চলছে।
দীর্ঘ সময় বন্ধ থাকার পর রেল চলাচল শুরু হওয়ায় এই রুটে চলাচলকারী যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন। এতদিন ট্রেন বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে তাদের চলাচল করতে হয়েছে।
ট্রেনের যাত্রীরা বলছেন, নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী বাসগুলোর সর্বনিম্ন ভাড়া ৫৫ টাকা। সে তুলনায় অল্প খরচে এবং যানজট এড়াতে ট্রেনকেই বেছে নেন সবাই। আগের তুলনায় ভাড়া ৫ টাকা বেশি হলেও যাত্রী সুবিধা ভালো রাখার দাবি জানান সবাই।
নিয়মিত এই রুটে ট্রেনে চলাচল করেন নারায়ণগঞ্জ টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী মো. রাকিব। এতদিন ট্রেন চলাচল বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়ায় বাসে চলাচল করতে হয়েছে তাকে।
রাকিব বলেন, “ট্রেন চলাচল শুরু হয়েছে জানতাম না। তাই সকালে বাসে ঢাকায় গেছি। বাসের তুলনায় ট্রেনে খুব সহজে ও দ্রুত যাওয়া যায়, ভাড়াও অনেক কম।”
তবে ট্রেনের ভাড়া ৫ টাকা বাড়ানো উচিত হয়নি বলে মনে করেন বেসরকারি এক প্রতিষ্ঠানের কর্মচারী মো. শহীদুল। দুপুরে কমলাপুর যাওয়ার উদ্দেশ্যে নারায়ণগঞ্জ স্টেশনে অপেক্ষা করছিলেন তিনি।
শহীদুল বলেন, “এখান থেকে ট্রেনে কমলাপুর, তারপর গাজীপুর যাব। বাসে গেলে যানজটে বসে থাকতে হয়, ভাড়া বেশি লাগে। তাই সুযোগ থাকলে ট্রেনেই যাতায়াত করি। তবে ভাড়া বাড়ানো ঠিক হয়নি।”
ট্রেনের সংখ্যা ও আরও বগি বাড়ানোর দাবি জানান নারায়ণগঞ্জ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের সদস্যসচিব ধীমান সাহা জুয়েল। সেইসঙ্গে যাত্রীপ্রতি ট্রেনের ভাড়া না বাড়িয়ে পূর্বের মতো ১৫ টাকা রাখার দাবি জানান তিনি।
তিনি বলেন, কয়েক বছর আগেও ট্রেনের ভাড়া ছিল ৪ টাকা। সেই ভাড়া অল্প সময়ের ব্যবধানে বাড়িয়ে ১৫ টাকা করা হয়েছে। আট মাস ট্রেন বন্ধ রাখার পর ভাড়া বাড়িয়ে ২০ টাকা করার কোনও যৌক্তিকতা নেই।
যাত্রীদের সঠিক সেবা নিশ্চিতের পাশাপাশি নারীদের জন্য আলাদা বগি রাখার দাবি জানান ধীমান সাহা।
আরও পড়ুন:
ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
আট মাস পর রেল চালুর প্রথম দিনেই ফতুল্লায় ট্রেনের নিচে কাটা পড়ে পথচারী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে৷ মঙ্গলবার সন্ধ্যায় নন্দলালপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে ফতুল্লা মডেল থানার ওসি নূরে আযম জানিয়েছেন৷
পুলিশ জানায়, নিহতের নাম মেহের আলী৷ ব্যাটারি রিকশার চালক ৬৩ বছর বয়সী এ বৃদ্ধ পরিবার নিয়ে ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন৷
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, সন্ধ্যায় রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ঢাকাগামী ট্রেনে কাটা পড়েন ওই বৃদ্ধ৷ ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷
