৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

দ্রুতগতির ট্রেন দুর্ঘটনা, পদত্যাগ করছেন না স্পেনের পরিবহনমন্ত্রী

স্পেনের রাজধানী মাদ্রিদ এবং দক্ষিণের আনদালুসিয়াকে সংযোগকারী রেললাইনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ ঘটে গত বুধবার। এতে অন্তত ৬৯ জন নিহত হয়।

দ্রুতগতির ট্রেন দুর্ঘটনা, পদত্যাগ করছেন না স্পেনের পরিবহনমন্ত্রী

স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Oct 2026, 10:53 PM

Updated : 30 Oct 2026, 10:53 PM

স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে বলেছেন, দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৯ জনের প্রাণহানির পরও তিনি পদত্যাগ করবেন না।

মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে পুয়েন্তে বলেন, তার ‘লুকানোর কিছু নেই’। দুর্ঘটনার আসল কারণ খুঁজে বের করতে সরকার যে প্রতিজ্ঞাবদ্ধ তা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “এখনও অনেক প্রশ্নের উত্তর মেলা বাকি।"

পুয়েন্তে বলেন, “আমার দায়িত্ব এখন আমি আমার পদে থাকব কি না তা নিয়ে কথা বলা নয়, বরং সমস্যা সমাধান করার।"

স্পেনের রাজধানী মাদ্রিদ এবং দক্ষিণের আনদালুসিয়াকে সংযোগকারী রেললাইনে দুই ট্রেনের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটেছে গত বুধবার স্থানীয় সময় সকালে।

যে দু'টি ট্রেনের মধ্যে ধাক্কা লেগেছে, সেটির একটি আইরো এবং অন্যটি রেনফে। আইরোতে ছিলেন ১৪৭ জন যাত্রী এবং রেনফেতে ছিলেন ৩৯৭ জন যাত্রী।

ট্রেন দুটির সংঘর্ষে বহু মানুষ হতাহতের ঘটনায় জনরোষে ফুঁসে ওঠে স্পেন।

উদ্ধারকর্মীরা দুর্ঘটনাকবলিত ধাতব বগি কেটে আটকে পড়াদের উদ্ধারে রাতভর অভিযান চালানোর মধ্যেই রাজধানী মাদ্রিদে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তের পদত্যাগের দাবিতে হাজারো মানুষ বিক্ষোভে নামে।

বুধবার রাতেই রাজধানীর পরিবহন মন্ত্রণালয় ভবনের বাইরে প্রায় দেড় হাজার মানুষ জড়ো হয়ে মন্ত্রীদের অপসারণের দাবিতে সোচ্চার হন।

বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল ও ফ্লেয়ার নিক্ষেপ করলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের দৃশ্য দেখা গেছে।

তবে বিক্ষোভকারীদের এই দাবির মুখেও পদত্যাগ না করার অটল অবস্থানই জানালেন পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে।

বৃহস্পতিবার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, কর্তৃপক্ষ এই মর্মান্তিক ঘটনার আসল কারণ এবং সব খুঁটিনাটি উদঘাটন করতে 'দিন-রাত' কাজ করে যাচ্ছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইস এবং আরটিভিই প্রকাশ করেছে দুর্ঘটনার কয়েকমিনিট আগে চালকদের সঙ্গে রেল নিয়ন্দ্রণকেন্দ্রের কর্মকর্তাদের অডিও রেকর্ডিং। এতে দেখা গেছে, সিগন্যাল ব্যবস্থার ত্রুটি থাকার পরও কন্ট্রোল রুম থেকে চালককে ভুল সবুজ সংকেত দেওয়া হয়েছিল, যা এই ভয়াবহ দুর্ঘটনার মূল কারণ বলে ধারণা করা হচ্ছে।

কম্পিউটার নষ্ট হওয়ায় সিগন্যাল সিস্টেমে সমস্যা দেখা দেয়, যার কারণে মাদ্রিদ-সেভিল হাই-স্পিড রেললাইনে সব ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। তবে পরে রেনফে ট্রেনটিকে 'ভুলবশত' সামনে এগিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

স্বয়ংক্রিয় সিগন্যাল ও ট্রেন ম্যানেজমেন্ট সিস্টেম বিকল হওয়ায় ওই লাইনে থাকা দুটি ট্রেনসহ মোট ৬টি ট্রেন স্বয়ংক্রিয়ভাবে লাইনে থমকে দাঁড়িয়েছিল। এর মধ্যে সামনে ছিল ‘আইরিও' ট্রেন এবং তার ঠিক ২৫ কিলোমিটার পেছনে ছিল 'রেনফে' ট্রেন।

রেললাইনের নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটির পরেও একটি ট্রেনকে স্বাভাবিক গতিতে চলার অনুমতি দেওয়ার কথাটি স্পেনের পরিবহণমন্ত্রী নিজেও জানিয়েছেন। রেলের কন্ট্রোলরুমের এই সিদ্ধান্তকে ‘ব্যাখ্যাতীত’ বলে উল্লেখ করেন তিনি।

অডিও রেকর্ডিংগুলো ফাঁস হওয়ার ঘটনায় কিছু স্প্যানিশ রাজনীতিবিদ সমালোচনা করেছেন। বামপন্থি সুমার জোটের আইনপ্রণেতা আলবের্তো ইবানিয়েস এক্সে এক পোস্টে এই তথ্য ফাঁসকে নিন্দনীয় বলে মন্তব্য করেছেন।

পডেমোস দলের নেতা আইরেনে মনতেরো বলেন, দুর্ঘটনার দায় কোনও একজন কর্মীর ওপর চাপানো উচিত নয়। রেল খাতের বেসরকারীকরণ নিয়ে চালক এবং বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন বলেও তিনি উল্লেখ করেন।