১ অগাস্ট খুলছে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ
কমলাপুর থেকে ভাঙ্গা পর্যন্ত রেলপথে আগামী সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হবে বলে জানান রেলমন্ত্রী।
দীর্ঘ প্রায় আট মাস পর আগামী ১ অগাস্ট ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে আবারও ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের চাষাঢ়া রেলস্টেশনে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ডাবল রেললাইন ও পদ্মা সেতুর রেলসংযোগ প্রকল্পের কাজ পরিদর্শন শেষে বেলা সাড়ে ১১টার দিকে চাষাঢ়া স্টেশনে আসেন রেলমন্ত্রী।
তিনি বলেন, “পদ্মা সেতুর রেল লাইনের সাথে সমন্বয় করতে গিয়ে ডুয়েল গেজ লাইনের কাজে সময়ক্ষেপণ হয়েছে। তবে ডুয়েল গেজ সিঙ্গেল লাইনটি ডাবল লাইনে উন্নিত হচ্ছে। প্রকল্প দু’টির কাজ দ্রুত শেষ করতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নতুন-পুরাতন দুইটি লাইনের প্রকল্পের কাজ এক সাথে এগিয়ে চলছে।
গত ৪ ডিসেম্বর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আগামী বছরের জুন মাসে নির্ধারিত সময়ের মধ্যে ডাবল লাইনের কাজ শেষ করার আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
তিনি জানান, পদ্মা সেতুর রেললাইনের কাজও আগামী বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে সরকারের।
নুরুল ইসলাম সুজন জানান, কমলাপুর থেকে ভাঙ্গা পর্যন্ত রেলপথে আগামী সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হবে। এটি পরে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
একই সঙ্গে খুলনা থেকে মোংলা পর্যন্ত এবং চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত বড় প্রকল্প হাতে নেওয়ার কথাও জানান তিনি।
এই সময় পদ্মা সেতুর রেলসংযোগ প্রকল্পের পরিচালক আফজাল হোসেন ও ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েল গেজ লাইনের প্রকল্প পরিচালক সেলিম রউফ উপস্থিত ছিলেন।
আফজাল হোসেন বলেন, ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার লাইনের মধ্যে ৭৯ কিলোমিটারের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। আগামী এক মাসের মধ্যে বাকি তিন কিলোমিটার রেললাইন স্থাপন হয়ে গেলে ঢাকা থেকে মাওয়া হয়ে ভাঙ্গা পর্যন্ত নতুন রেললাইনের সাথে পুরনো লাইন যুক্ত হবে। সেটি হয়ে গেলে আগামী সেপ্টেম্বরের মধ্যে ট্রায়াল রান শুরু হবে।
