মানিকগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রবাসী স্বামীর সঙ্গে অভিমান করে তাসমিয়া আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক কবরস্থান সংলগ্ন গৃহবধূর স্বামীর বাড়িতে গলায় ফাঁস দেওয়া লাশটি পাওয়া যায় বলে জানিয়েছেন হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য।
তাসমিয়া আক্তার (২০) ওই আন্ধারমানিক গ্রামের সৌদি আরব প্রবাসী আকাশের স্ত্রী ও রাজবাড়ী সদর উপজেলার গোলানন্দ মোড় এলাকার কুদ্দুসের মেয়ে।
আরাফাত নামে তাসমিয়ার ১৮ মাস বয়সী একটি ছেলে আছে।
তাসমিয়ার দেবর মিলন জানান, তিনি ও তার বাবা লেছড়াগঞ্জ বাজারে মুদি দোকানে ছিলেন। ভাতিজা আরাফাতকে নিয়ে তার মা এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন।
“খবর পাই ভাবি ঘরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়েছেন। আমরা আসতে আসতে মা ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
প্রতিবেশী খন্দকার সাইফুল জানান, “তাসমিয়া খুবই ভদ্র ও নামাজি ছিল। কোনোদিন পারিবারিক কলহ বা ঝগড়া শুনিনি। কেন এমন ঘটনা ঘটাল বুঝতে পারছি না।”
ওসি সুমন কুমার আদিত্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রবাসী স্বামীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন তাসমিয়া। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”
