৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

স্বামীর বন্ধুকে বিয়ের ২৩ দিন পর ঝুলন্ত লাশ মিলল গৃহবধূর

“ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন,” বলছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Sep 2026, 07:51 PM

Updated : 30 Sep 2026, 07:51 PM

ঢাকার ডেমরার একটি বাসা থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে, যিনি ‘পারিবারিক কলহে আত্মহত্যা’ করেছেন বলে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১১টার দিকে লাশ উদ্ধারের পর বুধবার সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।

সুমাইয়া আক্তার লাকি নামে ৩৩ বছর বয়সি ওই গৃহবধূ গত ৬ সেপ্টেম্বর দ্বিতীয় বিয়ে করেন। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তার বন্ধুকে বিয়ে করেছিলেন তিনি।

লাকি সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকার লক্ষ্মণ তালুকদারের মেয়ে।

ডেমরা থানার এসআই মো. সাইদুল হক বলেন, “ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে গলায় ওড়না পেঁচিয়ে লাকি আত্মহত্যা করেন। খবর পেয়ে সেখান থেকে আলামত সংগ্রহ ও মরদেহ উদ্ধার করা হয়।”

নিহতের বোন ডলি বলেন, লাকির আগের সংসারে ১০ বছরের এক ছেলে রয়েছে। বিচ্ছেদের পর গত ৬ সেপ্টেম্বর ঢাকায় এসে স্বামীর বন্ধু আশরাফুলকে বিয়ে করেন বলে পুলিশের কাছ থেকে তিনি জানতে পারেন।

ডলি বলেন, “ডেমরায় বাসা ভাড়া নিয়ে তারা থাকছিলেন। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন জানা নেই।”

এ ঘটনায় ডেমরা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।